অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর শুরুটা দারুণভাবে করেছে ভারত। চার ম্যাচ খেলে চারটিই জিতে নিয়েছেন রোহিত শর্মারা। প্রথম ম্যাচে ডেঙ্গুর জন্য খেলতে পারেননি ওপেনার শুভমান গিল। এর পর চতুর্থ ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নামলেও শুরুতেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয়েছে দলের অন্যতম অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যেকে। কিন্তু এখনও জয় হাতছাড়া হয়নি ভারতের। আর সেই জয়ের ধারা ধরে রাখতেই শুক্রবার ধর্মশালা পৌঁছে গেল ভারতীয় দল।
হিমাচল প্রদেশের ধর্মশালায় অবস্থিত এই অসাধারণ স্টেডিয়ামের রূপেই মুগ্ধ হয় গোটা বিশ্ব। স্টেডিয়ামকে ঘিরে রেখেছে বরফের পাহাড়। আর এই সময় ঠান্ডাও পড়বে জাঁকিয়ে। এখানেই রয়েছে দলাই লামার আস্তানাও। অতীতেত ভারতীয় দলের অন্যতম ব্যাটসম্যান বিরাট কোহলিকেও দেখা গিয়েছে স্বস্ত্রীক ধর্মশালায় দলাই লামার আস্তানায় সময় কাটাতে।
এদিন ভারতীয় দল ধর্মশালা পৌঁছল হার্দিক পাণ্ড্যেকে ছাড়াই। আগেই বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলতে পারবেন না হার্দিক। বাকি দল নিয়েই সেখানে পৌঁছেছে দল। কিউইরাও ভাল ফর্মে রয়েছে। ভারতের জন্য লড়াইটা সহজ হবে না। তার উপর হঠাৎ করে আবহাওয়ার পরিবর্তনও ভাবাচ্ছে টিম ম্যানেজমেন্টকে। এদিন বিশেষ বিমানে ধর্মশালা পৌঁছেছে ভারতীয় দল। বিমান বন্দর থেকে সুসজ্জিত গাড়িতে পাহাড়ি রাস্তায় অনেকটা পথ পেরিয়ে গন্তব্যে পৌঁছতে হয়েছে ভারতীয় দলের।
ভারতীয় দলের ধর্মশালায় পৌঁছনোর ভিডিও পোস্ট করেছে বিসিসিআই। দেখুন সেই ভিডিও—
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
