Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: পাঁচ ম্যাচের সিরিজে ০-১ পিছিয়ে পড়া ভারতীয় ক্রিকেট দল সোমবার বড় ধাক্কা খেল। তারকা ব্যাটার কেএল রাহুল এবং রবীন্দ্র জাডেজা শুক্রবার বিশাখাপত্তনমে শুরু হতে চলা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট দল থেকে বাদ পড়লেন। বিসিসিআই এক বার্তা দিয়ে জানিয়েছে, হায়দরাবাদে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলাকালীন জাডেজা হ্যামস্ট্রিংয়ে চোট পান এবং রাহুল ডান কোয়াড্রিসেপে ব্যথা অনুভব করায় তাঁকেও বিশ্রাম দেওয়া হয়েছে। ভাইজ্যাক ম্যাচের পর আরও তিনটি খেলা বাকি থাকবে সিরিজের। তবে পরবর্তী ম্যাচগুলোতে তাঁরা ফিরতে পারবেন কিনা তা নিয়ে কিছু নিশ্চিত করে জানানো হয়নি। আপাতত তাঁরা বিসিসিআই-এর মেডিকেল টিমের পর্যবেক্ষণে রয়েছেন।

“রবীন্দ্র জাডেজা এবং কেএল রাহুল ভাইজ্যাকে ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক টেস্ট থেকে বাদ পড়েছেন, ২ ফেব্রুয়ারি ২০২৪ থেকে শুরু হবে ম্যাচ। হায়দরাবাদে প্রথম টেস্টের চতুর্থদিন খেলার সময় জাডেজা হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন যখন রাহুল ডান কোয়াড্রিসেপে ব্যথা হচ্ছে বলে অভিযোগ করেন। বিসিসিআই মেডিকেল দল এই দু’জনের অগ্রগতি পর্যবেক্ষণ করছে,” বিসিসিআই এক বিবৃতিতে বলেছে।

রবিবার হায়দরাবাদে সিরিজের উদ্বোধনী ম্যাচে ২৮ রানে পরাজয়ের পর ভারত পাঁচ ম্যাচের সিরিজে ০-১ ব্যবধানে পিছিয়ে থাকা দ্বিতীয় টেস্টের জন্য ভারতীয় দলে সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরকে ডেকেছে।

“পুরুষ নির্বাচক কমিটি সরফরাজ খান, সৌরভ কুমার এবং ওয়াশিংটন সুন্দরকে ভারতীয় দলে যুক্ত করেছে,” বিবৃতিতে যোগ করা হয়েছে। সরফরাজ এবং সুন্দর ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য ভারত এ দলের অংশ ছিলেন।

আহমেদাবাদে দ্বিতীয় টেস্টে ভারত এ ইংল্যান্ড লায়ন্সকে ইনিংস এবং ১৬ রানে পরাজিত করর পিছনে সরফরাজের দুর্দান্ত ১৬১ রানের ইনিংস গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। অন্যদিকে, সুন্দর এই ম্যাচে দু’টি উইকেট নিয়েছিলেন, পাশাপাশি একটি হাফ সেঞ্চুরিও করেছিলেন।

বিসিসিআই আরও বলেছে যে পেসার আভেশ খান তাঁর রঞ্জি ট্রফি দলের (মধ্যপ্রদেশ) সঙ্গে খেলা চালিয়ে যাবেন এবং প্রয়োজনে টেস্ট স্কোয়াডে যোগ দেবেন।

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের জন্য ভারতের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, যশস্বী জয়সওয়াল, শ্রেয়াস আইয়ার, কেএস ভরত (উইকেট রক্ষক), ধ্রুব জুরেল (উইকেট রক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, যশপ্রীত বুমরাহ (সহঅধিনায়ক), আভেশ খান, রজত পতিদার, সরফরাজ খান, ওয়াশিংটন সুন্দর, সৌরভ কুমার।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *