অলস্পোর্ট ডেস্ক: চলতি বছরে ভারতীয় ক্রিকেট দলের সামনে কঠিন লড়াই। একদিকে এশিয়া কাপ আবার অন্যদিকে ওয়ানডে বিশ্বকাপের আসর। আবার শোনা যাচ্ছে এশিয়ান গেমসেও অংশ নিতে পারে ভারতীয় ক্রিকেট দল। পুরুষ ও মহিলা ক্রিকেট দলকে এশিয়ান গেমসে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছে বিসিসিআই।
আগামী ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চলবে এশিয়ান গেমসের আসর। এবারে তা হবে চিনের হ্যাংঝাও শহরে। টি-টোয়েন্টি ফরম্যটেই খেলা হবে এবারের এশিয়ান গেমসে। এই লড়াইতেই ভারতের মহিলাদের ‘এ’ দল যেতে পারলেও এশিয়ান গেমসের মঞ্চে দেখা যাবে না রোহিত শর্মার দলকে। আগামী ৫ অক্টোবর থেকে ওয়ানডে বিশ্বকাপ শুরু হচ্ছে। তা হবে আবার ভারতেই। সেই কথা ভেবেই কোহলিদের এশিয়ান গেমসে পাঠাতে চায় না বিসিসিআই।
ইন্ডিয়ান এক্সপ্রেসের এক তথ্য অনুযায়ী জানা যাচ্ছে বিসিসিআই ইতিমধ্যে দু’ দলের নাম জমা করে দিয়েছে। কিন্তু কোন দলকে পাঠানো হবে, তা এখনও খোলসা করে জানায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। আগামী ৩০ জুন চূড়ান্ত দল জানাবে বিসিসিআই। যদিও এর আগে তারা কোনও দলকেই না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল।
ভারতীয় মহিলা দল এশিয়ান গেমসে খেলতে যাবে কিনা সেই বিষয়ে প্রশ্ন চিহ্ন থাকলেও পুরুষ দল যে যাচ্ছে তা একপ্রকার নিশ্চিত। তবে বিশ্বকাপ থাকায় দ্বিতীয় সারির দল সেখানে অংশ নেবে। একসঙ্গে ভারতের দুটি দল আলাদা আলাদা টুর্নামেন্টে প্রতিযোগিতা করবে। তবে এটা প্রথমবার নয় এর আগেও ১৯৯৮ সালে একটি ভারতীয় দল কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসে অংশ নিয়েছিল এবং অন্যটি সাহারা কাপে পাকিস্তানের মুখোমুখি হয়েছিল।
উল্লেখ্য, ২০১০ এবং ২০১৪ সালে ক্রিকেট এশিয়ান গেমসের অংশ থাকলেও ভারত তাতে অংশগ্রহণ করেনি। আবার ক্রিকেটকে বাদ দিয়েই এশিয়ান গেমস হয় ২০১৮ সালে জাকার্তায় । এর আগে একবারই এশিয়ান গেমসে অংশ নিয়েছিল ভারতীয় ক্রিকেট দল। এবছর ভারতীয় দল অংশ নিলে ক্রিকেটকে নিয়ে এক আলাদা উত্তেজনা তৈরি হবে এশিয়ান গেমসে। তবে এটা নিশ্চিত করে বলা যায় রোহিত শর্মাদের এবারের এশিয়ান গেমসে দেখা যাবে না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
