ছবি— বিসিসিআই এক্স
অলস্পোর্ট ডেস্ক: রবিবার আমেদাবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ফাইনালে অভিষেক শর্মা ও বরুণ চক্রবর্থীর জায়গায় অন্যদের দলে নেওয়ার জন্য প্রাক্তন ক্রিকেটার থেকে বিশেষজ্ঞরা নানা টিকা টিপ্পনি করেছেন। কিংবদন্তী ক্রিকেটার সুনীল গাভাস্কার সরাসরি বলেছেন, অভিষেককে বসিয়ে রিংকু সিংকে দলে নিতে। তাঁর পরামর্শ সঞ্জু স্যামসনের সঙ্গে ফাইনালে ওপেন করুন ইশান কিষাণ। আর বরুণ চক্রবর্থীর জায়গায় খেলানো হোক কুলদীপ যাদবকে। কিন্তু সেটা ফাইনালের আগে দলে বদল করা সঙ্গত হবে বলে মনে করছে না ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এখনও পর্যন্ত যা খবর, ইংল্যান্ডের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি ম্যাচ জেতা দলটা অপরিবর্তিত রেখেই নিউজিল্যান্ডের মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল। এর অর্থ ফাইনালে নিজেদের বাজে সময় কাটিয়ে সেরা দেওয়ার একটা সুযোগ ব্যাটে অভিষেক শর্মা ও বলে বরুণ চক্রবর্থী তুলে ধরার সুযোগ পাবেন।
শনিবার ম্যাচের আগের দিন অবশ্য প্র্যাকটিসে রিঙ্কু সিং ও মহম্মদ সিরাজকে নেটে দীর্ঘসময় ব্যাট করতে দেখা গেছে। অভিষেকের ব্যাটিং ফর্ম ভারতীয় দলের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাঁর ব্যর্থতা ঢাকতে হচ্ছে দলের বাকি ব্যাটারদের ক্রিজে এসে। বরুণ চক্রবর্থীর ব্যাপারটা একটু আলাদা। ১৩ উইকেট নিয়েছেন এখনও পর্যন্ত বরুণ। কিন্তু প্রুপ পর্যায়ে যতটা কার্যকরী ছিলেন, সেটা আর সুপার আট বা সেমিফাইনালে নয়। এতেই তাঁর স্পিন বোলিংয়ের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
দলের এই দুই ক্রিকেটারদের ফর্ম নিয়ে ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদবের কাছে প্রশ্ন রাখা হয়েছিল। তাঁর প্রতিক্রিয়া, ‘ এত চিন্তার কিছু নেই। যতক্ষণ জিতছি, ততক্ষণ এগুলো নিয়ে মাথা খারাপ করা অর্থহীন। বরং খেলায় ফোকাস করা জরুরি। ফাইনালে প্রতিপক্ষ নিউজিল্যান্ডকে নিয়ে ভাবাই বেশি ভাল। জয় আসে সকলের মিলিত অবদানে। প্রতি খেলাতেই চড়াই উতরাই থাকে। খেলোয়াড়জদের ফর্মেও। সকলেই যে রোজ সফল হবে এমন নয়। এক একটা দিন এক একজনের খারাপ আসতেই পারে। অন্যদের সেটা কভার করতে হবে ভাল খেলে। এতদিন তো সকলে সেটাই করে এসেছে। বরুণ বিশ্বের ১ নম্বর বোলার। ও জানে কীভাবে বল করতে হয়। আমার ওর ওপর পূর্ণ আস্থা আছে।’
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল জিতলে ভারতই হবে প্রথম কোনও দল, যারা পরপর দু’বার চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করবে টি২০ বিশ্বকাপে। একইসঙ্গে এটা হবে তাদের তৃতীয় টি২০ বিশ্বকাপ জয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
