অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় মহিলা ক্রিকেট দলের জন্য এটাকে সোনায় মোড়া সাফল্যের বছর বললে ভুল হবে না। বিশ্বকাপ জেতার পর ২০২৫ মরশুমটাও তারা শেষ করল দারুনভাবে শ্রীলঙ্কাকে মহিলাদের টি২০ আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচে ১৫ রানে হারিয়ে। সিরিজ জিতল ৫-০ ফলে। তিরুবনন্তপুরমে এই জয়ের পিছনে ব্যাটার হরমনপ্রীত কাউরের(৬৮রান) অবদান অনস্বীকার্য। হরমনপ্রীত ও ক্যামিওর ভূমিকায় অরুন্ধতী রেড্ডির ব্যাটিংয়ের জোরে ভারতীয় মহিলা দল ৭ উইকেট খুইয়ে ১৭৫ রান তোলে। আটোসাটো বোলিং ও ফিল্ডিংয়ের জোরে শ্রীলঙ্কার ইনিংস ১৬০ রানে আটকে দিয়ে জয় তুলে নেন হরমনপ্রীতরা।
এই ম্যাচে স্মৃতি মান্ধানাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। অসুস্থতার জন্য জেমাইমা রডড্রিগেজ ছিলেন না। শেফালি ভার্মা, রিচা ঘোষ, জি কমলিনি, হারলিন দেওল দ্রুত আউট হয়ে গেলে ১১ ওভারে ৭৭ রানে ৫ উইকেট হারিয়ে ভারত যখন ধুঁকছে। তখন দলের হাল ধরেন হরমনপ্রীত। ষষ্ঠ উইকেটে আমনজোত কাউরের সঙ্গে ৬১ রানের মূল্যবান পার্টনারশিপ ও শেষদিকে অরুন্ধতী রেড্ডির ঝোড়ো অপরাজিত ২৭ রানের সুবাদে ১৭৫ তোলে ভারতীয় মহিলা দল। শ্রীলঙ্কার হয়ে চামারি আতাপাত্তু ও কবিশা দিলহারি ২ টি উইকেট পান।
ব্যাট করতে নেমে হাসিনি পেরিরা (৬৫) ও ইমেশা দিলানি (৫০) শ্রীলঙ্কার হয়ে লড়াই চালালেও ৭ উইকেটে ১৬০ রান তুলে থেমে যায় জয় থেকে ১৫ রান দূরে। ভারতের জয়ে বোলার দীপ্তি শর্মার নাম স্বর্ণাক্ষরে লেখা হয়ে গেল। মহিলাদের টি২০ ক্রিকেটে ২৮ বছরের দীপ্তি নয়া রেকর্ড গড়লেন মেগান শুটকে টপকে। ১৩৩ ম্যাচে ১৫২ উইকেট নিয়ে দীপ্তিই এখন টি২০ ক্রিকেটের সর্বাধিক উইকেট সংগ্রহকারীর তালিকায় উঠে এলেন। ১৪তম ওভারে শ্রীলঙ্কার নীলাশিখা সিলভাকে এলবিডব্লিউ আউট করে এই কৃতিত্বের অধিকারী হয়েছেন দীপ্তি।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫-০ সিরিজ জয়ের পর হরমনপ্রীত কাউরের প্রতিক্রিয়া, ‘ ২০২৫ বছরটা দারুন গেল। বিশ্বকাপ মুঠোয় পাওয়ার পর জেতার অভ্যাসটা ধরে রাখা গেছে বলে ভাল লাগছে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে টি২০ ক্রিকেটে ফোকাস ঘোরানোটা সহজ ছিল না। তবে সেটা সফলভাবেই করা সম্ভব হয়েছে। এখন নজর থাকবে ২০২৬য়ে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠেয় আইসিসি উইমেন্স টি২০ ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে। আগামী ৬ মাস আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আমাদের পরিশ্রম ও ধারাবাহিকতা চালিয়ে যেতে হবে সেকারণে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
