অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩-এ সুপার ফোরের ম্যাচে দাপটের সঙ্গে খেলে পাকিস্তানকে হারিয়ে দিয়েছে ভারত। ২২৮ রানে জিতে নিয়েছে ম্যাচ। ভারতের তোলা ৩৫৬-২-এর জবাবে পাকিস্তান থেমে গেল ১২৮-৮ রানে। চোটের কারণে পাকিস্তানের দুই ক্রিকেটার ব্যাট করতে নামতে পারেননি। ফলে ভারত জিতল ২২৮ রানে। এক দিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে এটাই রানের বিচারে ভারতের সবচেয়ে বড় জয়। বিরাট কোহলি এবং কেএল রাহুলের দাপটে ভারত সোমবার ৩৫৬-২ রান তোলে। পাকিস্তানের বিরুদ্ধে এটাই তাদের যুগ্ম ভাবে সর্বোচ্চ রান । রবিবার ম্যাচের প্রথম দিনও রোহিত শর্মা এবং শুভমন গিল দারুণ শুরু করেছিলেন। সোমবার সেখান থেকে শুরু করেন কোহলি এবং রাহুল। তার পর কুলদীপ যাদবের পাঁচ উইকেটের দাপটে ভারত ম্যাচ জিতে নেয় অনায়াসেই।
রানের বিচারে এর আগে ভারতের সর্বাধিক জয় ছিল ২০০৮-এর ১০ জুন। মীরপুরে ওই ম্যাচে ভারত আগে ব্যাট করে ৩৩০-৮ তুলেছিল। জবাবে পাকিস্তান শেষ হয়ে যায় ১৯০ রানে। ভারত জেতে ১৪০ রানে। সে বার চার উইকেট নিয়ে পাকিস্তানকে শেষ করে দেন প্রবীণ কুমার এবং পীযূষ চাওলা।
তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ভারতের ১২৪ রানে জয়। চ্যাম্পিয়ন্স ট্রফির সেই ম্যাচে রোহিত শর্মার ৯১ এবং কোহলির ৮১ রানে ভর করে ভারত ৩১৯-৩ তুলেছিল। জবাবে পাকিস্তান শেষ হয়ে যায় ১৬৪ রানে।
অন্যদিকে প্রায় নয় বছর পর নিজের ফর্মে ফিরলেন বিরাট কোহলি। যদিও পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের ম্যাচে ব্যর্থ হয়েছিলেন তিনি। কিন্তু সুপার ফোরে স্বমহিমায় ফিরলেন বিরাট। শতরান করলেন ভারতের প্রাক্তন অধিনায়ক। কেএল রাহুলের পর এই ম্যাচে ভারতের দ্বিতীয় ব্যাটার হিসাবে করলেন শতরান। একই সঙ্গে এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রান হয়ে গেল কোহলির। দ্রুততম ব্যাটার হিসাবে এই কৃতিত্ব অর্জন করলেন তিনি। এই নিয়ে ২৭৭ ইনিংসে ১৩ হাজার রান করলেন কোহলি। টপকে গেলেন সচিন তেন্ডুলকরকে, যিনি ৩২১ ইনিংসে ১৩ হাজার রান করেছিলেন। শাহিনের বলে দু’রান নিয়ে এই কৃতিত্ব অর্জন করেন কোহলি। পরের বলেই খুচরো রান নিয়ে শতরান পূরণ করেন তিনি। এক দিনের ক্রিকেটে ৪৭তম শতরান হল কোহলির। শীর্ষে থাকা সচিনের থেকে আর দু’টি শতরান পিছনে তিনি।
কোহলি এবং রাহুল জুটি নিজেদের নাম তুললেন রেকর্ড। এছাড়াও ভারত বনাম পাকিস্তান একদিনের ম্যাচে নতুন ৬টি রেকর্ডও তৈরী হল।
১) দ্রুততম ব্যাটার হিসাবে এক দিনের ক্রিকেটে ১৩ হাজার রান করলেন কোহলি। সচিন তেন্ডুলকর এই মাইলফলকে পৌঁছেছিলেন ৩২১ ইনিংসে। তাঁর রেকর্ড ভাঙলেন কোহলি।
২) তৃতীয় উইকেটে কোহলি এবং রাহুলের অপরাজিত ২৩৩ রানের জুটি এশিয়া কাপে রেকর্ড। তাঁরা ভাঙলেন ২০১২ সালে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের মহম্মদ হাফিজ় এবং নাসিম জামশেদের ২২৪ রানের জুটি।
৩) কোহলি এবং রাহুলের জুটি পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে যে কোনও উইকেটে ভারতের সর্বোচ্চ। তাঁরা ১৯৯৬ সালে সচিন এবং নভজ্যোত সিংহ সিধুর ২৩১ রানের রেকর্ড ভেঙেছেন।
৪) এক দিনের ফর্ম্যাটে এশিয়া কাপে চতুর্থ শতরান করলেন কোহলি। উঠে এলেন দ্বিতীয় স্থানে। সবচেয়ে বেশি শতরান রয়েছে সনৎ জয়সূর্যের (৬)। কুমার সঙ্গাকারারও চারটি শতরান রয়েছে।
৫) কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে সব ফর্ম্যাট মিলিয়ে টানা চারটি শতরান করলেন কোহলি। ছুঁলেন হাসিম আমলাকে।
৬) এই নিয়ে মাত্র তৃতীয় বার ভারতের তিন এবং চার নম্বর ব্যাটার দু’জনেই শতরান করলেন। শেষ বার ২০০৯ সালে এই ঘটনা দেখা গিয়েছিল। গৌতম গম্ভীর এবং বিরাট কোহলি শতরান করেছিলেন শ্রীলঙ্কার বিরুদ্ধে। তার আগে ১৯৯৯ সালে কেনিয়ার বিরুদ্ধে শতরান করেছিলেন সচিন তেন্ডুলকর এবং রাহুল দ্রাবিড়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
