অলস্পোর্ট ডেস্ক: মরসুমটা মোটেও ভাল যাচ্ছে না কলকাতা নাইট রাইডার্সের। গতবারের চ্যাম্পিয়নরা এবার প্লে-অফে যাওয়ার রাস্তা ইতিমধ্যেই কঠিন করে ফেলেছে। অনেক হিসেব কষলে তবেই কেকেআরকে প্লে-অফে দেখা যাচ্ছে। কিন্তু তা নেহাতই কঠিন। গত ম্যাচে ঘরের মাঠে বৃষ্টি এক পয়েন্ট দিয়েছে শাহরুখের দলকে। মঙ্গলবার কলকাতার সামনে ছিল দিল্লির চ্যালেঞ্জ। তাও আবার দিল্লির মাটিতে। যেখানে প্রথমে ব্যাট করে ভরসা দিলেন কলকাতার ব্যাটাররা। এদিন টস জিতে কলকাতাকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল। প্রথমে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ২০৪ রান তোলে কেকেআর। বল করতে নেমে ব্যাটারদের করে যাওয়া রান ধরে রাখেন বোলাররা। যার ফল ১৪ রানে জিতে প্রায় হারিয়ে যাওয়া আশাকে আরও একবার বাঁচিয়ে তুলল কেকেআর।
এদিন কলকাতার হয়ে ওপেন করতে নেমেছিলেন সুনীল নারিন ও রহমানুল্লাহ গুরবাজ। ওপেনিং জুটিতে ৪৮ রান করে ফিরে যান গুরবাজ। ১২ বলে ২৬ রান করেন তিনি। এর পর বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি নারিন। ২৭ রান করে আউট হয়ে যান তিনি। এর পর কলকাতা দলের ব্যাটিংয়ের হাল ধরেন তিন ও চার নম্বরে নামা অধিনায়ক অজিঙ্ক রাহানে ও অঙ্গকৃষ রঘুবংশী। রাহানে ২৬ রান করে ফিরে যান।
দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন অঙ্গকৃশ। ভেঙ্কটেশ আইয়ার ৭ রান করে ফিরে গেলেন রিঙ্কু সিংকে সঙ্গে নিয়ে কলকাতার রানকে এগিয়ে নিয়ে যান অঙ্গকৃশ। ৪৪ রানে অঙ্গকৃশ ও ৩৬ রানে রিঙ্কু সিং ফেরেন প্যাভেলিয়নে। এর পর আন্দ্রে রাসেল ১৭, রোভমান পাওয়েল ৫, অনুকূল রয় ০ রানে আউট হন। ১ রানে বরুণ চক্রবর্থী ও রানের খাতা না খুলে অপরাজিত থাকেন হর্ষিত রানা। ২০ ওভারে ২০৪-৯-এ থামে নাইটরা। দিল্লির হয়ে তিন উইকেট তুলে নেন মিচেল স্টার্ক। দুটো করে উইকেট নেন ভিপরাজ নিগম ও অধিনায়ক অক্ষর প্যাটেল। এক উিকেট দুষ্মন্থ চামিরার।
জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ৪ রান করে ফিরে যান দিল্লির ওপেনার বাংলার ছেলে অভিষেক পোড়েল। কিন্তু অন্য প্রান্তে লড়াই চালিয়ে যান ফাফ দু প্লেসি। ১৫.২ ওভারে তিনি যখন ফেরেন তখন তাঁর নামের পাশে ৬২ রান লেখা হয়ে গিয়েছে। তখনও দিল্লির জিততে হলে ৫৯ রান দরকার। হাতে রয়েছে চার উইকেট ও ২৮ বল। যা মোটেও সহজ ছিল না দিল্লির জন্য। যদিও এই মরসুমে ভাল জায়গায় রয়েছে দিল্লি। এই ম্যাচ খেলতে নামার আগে ৯ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবলের চার নম্বরে ছিল। অন্যদিকে কলকাতা ৯ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছিল সাতে।
তিন নম্বরে নামা করুণ নায়ার ১৫ ও কেএল রাহুল ৭ রান করে আউট হয়ে গেলে দু প্লেসির সঙ্গে দিল্লি ব্যাটিংয়ের হাল ধরেন অধিনায়ক অক্ষর প্যাটেল। তবে তিনিও ফেরেন ৪৩ রানে। তাঁর জায়গায় নেমে মাত্র ১ রান করে আউট হয় যান ত্রিস্তান স্তাবস। এর পর আর কেউ ভরসা দিতে পারেননি। আসুতোষ শর্মা ৭, মিচেল স্টার্ক ০ রানে করেই ফিরে যান। ভিপরাজ নিগম কিছুটা চেষ্টা করেন। শেষ ওভারে যখন ২৪ রান দরকার তখনও ক্রিজে টিকে ভিপরাজ। সঙ্গী চামিরা। শেষ ওভারে বল করতে যান রাসেল। একটি বাউন্ডারি হজম করলেও জয়ের রানে পৌঁছতে পারেনি দিল্লি ক্যাপিটালস। উপরন্তু সঠিক সময়ে সঠিক উইকেট তুলে নিয়ে কাজ শেষ করেন আন্দ্রে রাসেল।
তবে প্রশংসা করতে হবে ভিপরাজের। টান টান উত্তেজনার মুহূর্তে নার্ভ ধরে রেখে সাত নম্বরে নামা এই ব্যাটার ১৯ বলে ৩৮ রানের ইনিংস খেলেন। যা শেষ ওভার পর্যন্ত দিল্লির আশা জিইয়ে রেখেছিল। ম্যাচ শেষের এক বল বাকি থাকতে আউট হন তিনি। কলকাতার হয়ে তিন উইকেট নেন সুনীল নারিন। দুই উইকেট নেন বরুণ চক্রবর্থী। একটি করে উইকেট নেন আন্দ্রে রাসেল, অনুকূল রয় ও বৈভব অরোরা। ২০ ওভারে ৯ উইকেটে ১৯০ রানই তুলতে সক্ষম হয় দিল্লি। এই ম্যাচের ফলের উপর অবশ্য লিগ টেবলের কোনও পরিবর্তন হল না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
