Cart Total Items (0)

Cart

All Sports

সুচরিতা সেন চৌধুরী: একদিন আগেই আইপিএল ২০২৪-এর ঢাকে কাঠি পড়ে গিয়েছে চেন্নাই সুপার কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ম্যাচ দিয়ে। পরদিনই সেই উৎসবের রেশ পড়েছে কলকাতায়। গত কয়েকদিন ধরেই কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ দুই দলই পৌঁছে গিয়েছিল শহরে। সেজে উঠেছিল ইডেন গার্ডেন। আর শনিবার শেষ হল সব অপেক্ষার। এক বছরের অপেক্ষা শেষ কেকেআর ফ্যানদের। তবে ইডেনের বাইরে কেকেআর ফ্যানের আধিক্য থাকলেও মাঝে মাঝ উঁকি দিয়ে গেল কমলা জার্সিও। দুই বন্ধু পাশাপাশি দাঁড়িয়েই দুই জার্সিতে। পাশাপাশি টিকিট, পাশাপাশি লাইন আর পাশাপাশি বাড়ি হলে কী হবে স্টেডিয়ামে বসে দুই বন্ধু গলা ফাটাবেন দুই দলের জন্য। আবার ম্যাচ শেষে গলা জরিয়ে বাড়ি ফেরা। এটাই আসলে আবেগ। খেলার আবেগ। সে যে খেলাই হোক না কেন।

শনিবার যখন প্রথম ম্যাচ চলছে পঞ্জাবে তখন কলকাতার সব রাস্তা গিয়ে মিশেছে ইডেন গার্ডেন্সে। এই একই দৃশ্য দেখা যায় ফুটবলেও। তবে সেটা শুধু ইস্টবেঙ্গল, মোহনবাগান ম্যাচে। এখন ফুটবল বন্ধ হলে কী হবে কলকাতার ক্রীড়াপ্রেমী মানুষদের জন্য খেলার বিরাম নেই। কখনও ফুটবল তো কখনও ক্রিকেট। এবার অবশ্য শুরু হয়ে গেল ক্রিকেট ফিভার। দেশ জুড়ে আগামী দু’মাস ধরে চলবে এই ক্রিকেট ফিভার। যা শুরু হয়ে গেল কলকাতাতেও।

বিকেল গড়াতেই ধর্মতলা চত্তর জুড়ে শুধুই থিক থিকে মানুষের ভিড় ইডেনগামী। কেউ দৌঁড়চ্ছে, আবার কেউ টিকিট অদলবদলের চেষ্টায় একপ্রান্ত থেকে অন্যপ্রান্ত ছুটছে।  কোথাও প্রেমিক-প্রেমিকা জুটি। কোথাও সপরিবারে সঙ্গে কোলে ছোট্টবাচ্চাও এসেছে কেকেআর-এর জার্সি গায়ে। এই না হলে ক্রিকেটের মহিমা! রাস্তা জুড়ে বিক্রি হচ্ছে দুই দলের জার্সি, হ্যান্ডব্যান্ড, স্কার্ফ, পতাকা। সঙ্গে রঙ, তুলির চাহিদা তুঙ্গে। কেউ গালে লিখছে কেকেআর আবার কেউ এসআরএইচ। পাশাপাশি চলেছে দুই দলের সমর্থক। তাড়াতাড়ি পৌঁছে দখল করতে হবে ভাল জায়গা।

এমনিতেই দোলের উৎসব শুরু হয়ে গিয়েছে শনিবার থেকেই। যদিও আসল দোল সোমবার। দীর্ঘ উইকএ‌ন্ড। সাধারণত এমন ছুটি পেলে  বাঙালি বেরিয়ে পড়ে বেড়াতে। কিন্তু এই দীর্ঘ ছুটি এবার বাঙালির জন্য একটু অন্যরকম। শনিবারের বিকেল থেকে রাতটা কেটে যাবে কেকেআর-এর ম্যাচ দেখেই। বিরাটি থেকে আসা একটি পরিবার তো দার্জিলিংয়ের টিকিট বাতিল করেছে আইপিএল-এর ফিক্সচার রিলিজ হওয়ার পর। বেড়ানো আর খেলা যে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে রয়েছে এটা তারই প্রমান। সারা বছরই ছুটি পেলেই বেরিয়ে পড়া যায় কিন্তু বছরে একবারই আসে আইপিএল, সেটা মিস করা যাবে না।

আর মাত্র কয়েক মিনিটের অপেক্ষা। যার পরই কলকাতার মাঠে শুরু হয়ে যাবে শুরু হয়ে যাবে আইপিএল উৎসব। মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও সানরাইজার্স হায়দরাবাদ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *