Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ শুক্রবার বেলফাস্টে সিভিল সার্ভিস ক্রিকেট ক্লাবের মাঠে ইতিহাস গড়ল আয়ারল্যান্ড। তারা ২টি টি২০ সিরিজের প্রথম ম্যাচে বর্তমান টি২০ বিশ্বচ্যাম্পিয়ন ভারতীয় ক্রিকেট দলকে ৩৪ রানে হারিয়ে দিয়েছে। এটা আয়ারল্যান্ডের প্রথম টি২০ ম্যাচে জয় ভারতের বিরুদ্ধে। ভারত হল অস্টম টেস্ট খেলা দেশ যারা আয়োজক দলের কাছে হারল।

আয়ারল্যান্ড দলের হয়ে প্রথমবার স্থায়ী অধিনায়কের ভূমিকায় খেলতে নেমে লোক্রান টাকার ইংনিস মজবুত করেন, তাঁর দল ৫১ রানে ৪ উইকেট খুইয়ে যখন ধুঁকছিল, তখন থেকে। ৩৬ বলে ৫০ রানের মূল্যবান ইনিংস খেলেন টাকার। পরে গ্যারেথ ডেলানি ৩২ বলে ৪৯ রান করে আয়ারল্যান্ডের রান নিয়ে যান ১৮২/‌৯য়ে। ভারতীয় বোলার হরষিত রাণা (‌ ৩-‌২৪)‌ ও আরশদীপ সিং(‌২-‌২৮)‌ আয়ারল্যান্ডের টপ অর্ডার ব্যাটারদের প্যাভিলিয়ানে ফেরত পাঠালেও, পরে টাকার ও ডেলানি সেই ধাক্কা সামলে বড় রানের ইনিংস গড়ে তুলে ভারতীয় দলকে চ্যালেঞ্জের মুখে ফেলে দেন। বিশেষ করে বোলার প্রসিদ কৃষ্ণার বোলিংয়ে মারমুখী মেজাজ দেখিয়ে।

১৮৩ রান তাড়া করে ভারতীয় দলের ইনিংস শেষ ১৮.‌৫ ওভারে মাত্র ১৪৮ রান তুলে। অভিষেক শর্মার শুরুর দিকের ২০ বলে ৫০ রানের ঝোড়ো ইনিংস কিছুটা আশা জাগিয়েছিল ভারতীয় শিবিরে। কিন্তু আয়ারল্যান্ড বোলার ম্যাট হোলার্ড(‌ ৩-‌২৮)‌, ম্যাথিউ হামফ্রিস (‌৩-‌৩৮)‌, ও জয় মুন্দ্রার(‌২-‌২৫)‌ দাপটে ভারত হারের মুখে দেখে।

এই জয়ে যেমন আয়ারল্যান্ড টি২০ ক্রিকেটে এক নতুন ইতিহাস গড়ল, তেমন ভারতীয় ক্রিকেটে শ্রেয়স আইয়ার হলেন চতুর্থ ভারতীয় অধিনায়ক, যিনি নেতৃত্ব দিয়ে প্রথম টি২০ ম্যাচ হারলেন। এর আগে হেরেছিলেন বিরাট কোহলি, ইংল্যান্ডের বিরুদ্ধে ২০১৭ সালে। ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২০২২ সালে। আর শুভমান গিল জিম্বোবোয়ের বিরুদ্ধে ২০২৪য়ে। সবমিলিয়ে ১৫জন ভারতীয় টি২০ দলের অধিনায়কের মধ্যে ১১ জন তাঁর নেতৃত্বের অভিষেক ম্যাচে জয় পেয়েছেন। সেখানে বর্তমান টি২০ বিশ্ব চ্যাম্পিয়ন দলের নেতৃত্ব দিতে নেমে আয়ারল্যান্ডের মতো দলের কাছে শ্রেয়স আইয়ারের হার অপ্রত্যাশিত। শুভমান গিলের ২ বছর আগে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি২০ সিরিজের প্রথম ম্যাচে হারের পর, আয়ারল্যান্ড ম্যাচে এই হার হজম করাটা বেশ কঠিন।

স্বাভাবিকভাবেই এই হারের পর দলের গঠন বা নির্বাচন নিয়ে প্রশ্ন উঠবে। তিনজন স্পেশালিস্ট সিমার ও সঞ্জু স্যামসন, ইশান কিষাণ, তিলক ভার্মা, শিবম দুবের মতো অভিজ্ঞ ব্যাটিং নিয়েও আয়ারল্যান্ডের কাছে হারটা মানতে অসুবিধা হচ্ছে। একমাত্র অভিষেক শর্মা ছাড়া কোনও প্রতিষ্ঠিত ব্যাটার ২৫ রানের গন্ডি পেরোতে পারেননি। বোলাররাও ব্যর্থ আয়াল্যান্ডকে কম রানে বেঁধে রাখতে, ৫১ রানে ৪ উইকেট দখলের পরও। প্রসিদ কৃষ্ণার শেষ ওভারে আয়ারল্যান্ডের ডেলানি ২৭ রান তোলেন। তাই রবিবার সিরিজের দ্বিতীয় ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্টকে নতুন করে ভাবনা চিন্তা করতে হবে দল নিয়ে।

বৈভব সূর্যবংশীকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে দলে রাখা হয়নি। ১৫ বছরের সূর্যবংশীকে এখনই বড় মঞ্চে চাপের মুখে ফেলে দেওয়া ঠিক হবে না, এই যুক্তিতে প্রথম একাদশের বাইরে রাখা হয়েছিল। কিন্তু আইপিএলে ৭২টি ছক্কা সহ ৭৭৬ রান করা ও শ্রীলঙ্কা এ দলের দলের বিরুদ্ধে ভারতীয় এ দলের হয়ে ২৯ বলে ৯৪ রান করা বৈভবকে না খেলানোটা কতটা যুক্তি সঙ্গত, তা নিয়ে ভারতীয় শিবিরের মধ্যেই আলোচনা শুরু হয়েছে। এখন দেখার টিম ম্যানেজমেন্ট জয়ে ফিরতে বৈভবকে দ্বিতীয় টি২০ ম্যাচে খেলার সুযোগ দেন কিনা?‌

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *