ভারত-নেপাল
অলস্পোর্ট ডেস্ক : শনিবার বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল ভারত-পাকিস্তান ম্যাচ। আবারও সোমবার ভারত-নেপাল ম্যাচের সকাল থেকেই চোখ রাঙাচ্ছিল কালো মেঘ। তার মধ্যেই শুরু হয়েছে ভারত বনাম নেপাল ম্যাচ। ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়াম এখনও ঢেকে রয়েছে ঘন কালো মেঘে। বৃষ্টির জন্য যদি এই ম্যাচ সম্পূর্ণ ভেস্তে যায় তাহলে সেরা চারে কোন দল উঠবে সেটাই এখন বড় প্রশ্ন।
একটা একদিনের ম্যাচে কমপক্ষে ২০ ওভারের খেলা হলে তবেই তাঁর ফল হতে পারে। আগের দিন রোহিতের দল ৪৮.৫ ওভার ব্যাট করলেও, পাকিস্তান দল খেলেনি একটা বলও। সেক্ষেত্রে দু’দল পেয়েছে এক করে পয়েন্ট। যদি নেপালের সঙ্গে ভারতের ম্যাচ না হয় তাহলেও উভয় দল এক পয়েন্ট করে পাবে। ভারতের আগে থেকে এক পয়েন্ট থাকায় ভারতের পয়েন্ট হবে দুই। কিন্তু নেপালের ঝুলিতে থাকবে এক পয়েন্ট। সেক্ষেত্রে সেরা চারে পাকিস্তানের সঙ্গে উঠে যাবে ভারত।
নেপালকে সেরা চারে যেতে হলে আজ ম্যাচ হওয়াটা জরুরী এবং ভারতকে হারাতে হবে তাঁদের। যদিও নেপালের পক্ষে সেটা যথেষ্ট কঠিন। তবু ক্যান্ডিতে বৃষ্টিশূন্য বিকেল চাইছে নেপালের সমর্থকরা।
‘‘নেপাল অনেক প্রজন্ম ধরে স্বপ্ন দেখছে বড় কোনও দলের সঙ্গে খেলার। আজ আমাদের স্বপ্ন সত্যি হওয়ার দিন। এতদিনের অপেক্ষার অবসান হতে চলেছে আজ,’’ ম্যাচ শুরুর আগে বলেছেন নেপালের ক্রিকেট টিমের কোচ।
তিনি আরও বলেন, ‘‘আমরা এর আগে লিগের দুটো ম্যাচ এবং এশিয়া কাপের কোয়ালিফায়ার ম্যাচ খেলেছি। এবং এগুলো জিতেছি। ভারতের বিপক্ষে আমরা আমাদের দলের শক্তির ওপর ভরসা রাখছি। ’’
খেলা হলেও ভারতের বিপক্ষে জেতা নেপালের জন্য সহজ হবে না। কারণ তাঁদের খেলোয়াড়দের নামতে হবে তারকা প্লেয়ার বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা এবং মহম্মদ শামির মত খেলোয়াড়দের বিপক্ষে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
