জেমস অ্যান্ডারসন
অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের পেসার জেমস অ্যান্ডারসন শনিবার প্রথম ফাস্ট বোলার যিনি ৭০০ টেস্ট উইকেট নিজের নামে লিখে নিলেন। ধর্মশালায় ভারতের বিপক্ষে চলতি পঞ্চম টেস্টের তৃতীয় দিন ৪১ বছর বয়সী ক্রিকেটার এই কৃতিত্ব অর্জন করলেন। সকালের সেশনে অ্যান্ডারসন কুলদীপ যাদবকে আউট করার সঙ্গেই মাত্র তৃতীয় বোলার যিনি ৭০০ বা তার বেশি টেস্ট উইকেটের তালিকায় নাম লিখিয়ে নিলেন। শুধুমাত্র মুথাইয়া মুরালিধরন (৮০০) এবং শেন ওয়ার্ন (৭০৮) অ্যান্ডারসনের (700) চেয়ে বেশি টেস্ট উইকেট নিয়েছেন।
ম্যাচের দ্বিতীয় দিনে, অ্যান্ডারসন শুভমান গিলকে প্যাভেলিয়নে পাঠিয়ে ৬৯৯ টেস্ট উইকেটে পৌঁছেছিলেন। ১৮৭৭ সাল থেকে শুরু হওয়া টেস্ট ক্রিকেটের ১৪৭ বছরের ইতিহাসে অ্যান্ডারসনই প্রথম পেসার যিনি ৭০০ উইকেট নিলেন। ভারতের প্রথম ইনিংসে, অ্যান্ডারসন ৩.৭৫ ইকোনমি রেটে ১৬ ওভারে ২/৬০ নিতে সক্ষম হন। তিনি শুভমান গিল ও কুলদীপ যাদবের উইকেট পান।
২০০২ সালে ইংল্যান্ডের হয়ে টেস্ট অভিষেক হওয়া অ্যান্ডারসন ১৮৭ টেস্ট ম্যাচে ৭০০ উইকেট নিলেন। ২৬.৫২ গড়ে এবং ৫৬.৯ স্ট্রাইক রেটে এই উইকেট এসেছে, যার মধ্যে ৩২টি পাঁচ উইকেট এবং তিনটি দশ উইকেট লেখা রয়েছে তাঁর নামে। এক ইনিংসে তাঁর সেরা বোলিং পরিসংখ্যান হল ৭/৪২।
টেস্টে ইংল্যান্ডের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার তিনি। সামগ্রিকভাবে, আন্তর্জাতিক ক্রিকেটে, তিনি শ্রীলঙ্কার স্পিন কিংবদন্তি মুথাইয়া মুরালিধরন (১৩৩ ম্যাচে ৮০০ উইকেট) এবং প্রয়াত অস্ট্রেলিয়ান স্পিন গ্রেট শেন ওয়ার্নের (১৪৫ ম্যাচে ৭০৮ উইকেট) পিছনে রয়েছেন।
অ্যান্ডারসনের এই বছর ভারত সফর দুর্দান্ত চলছে। চারটি টেস্টে তিনি খেলেছেন। সেখানে অ্যান্ডারসন ৩৩.৫ গড়ে ১০ উইকেট নিয়েছেন, সেরা বোলিং পরিসংখ্যান ৩/৪৭। এদিকে ভারত তাদের প্রথম ইনিংসে এদিন ৪৭৭ রানে গুটিয়ে যায়। তারা ইংল্যান্ডের থেকে ২৫৯ রানে এগিয়ে রয়েছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
