অলস্পোর্ট ডেস্ক: দীর্ঘদিন বিশ্রামে থাকার পর চোট সারিয়ে মাঠে ফেরার পর থেকেই সকলকে মুগ্ধ করেছেন যশপ্রীত বুমরাহ। রবিবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচ জিতে সিরিজ জয়ের সঙ্গেই অভিজ্ঞ পেসার বুঝিয়ে দিলেন তিনি এখনও বল হাতে কতটা দক্ষ। শুধু তাই নয় তিনি বিশ্বকাপে খেলার জন্য কতটা প্রস্তুত তাও প্রমান করে দিয়েছেন। চলতি টি২০ সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে অধিনায়কত্ব করছেন বুমরাহ। তিনি ১৫ রানে দুই উইকেট তুলে নেন এবং ডেথ-ওভার বোলিংয়ে দুরন্ত পারফর্ম্যান্স করেন।
২৯ বছর বয়সী এই পেসার আয়ারল্যান্ড ইনিংসের শেষ ওভারে বল করে মেডেন ওভার করেন। টি২০-তে এই নিয়ে ১০বার বুমরাহ মেডেন ওভার করলেন। এই ফর্ম্যাটে যুগ্মভাবে অন্যান্য বোলারদের থেকে শীর্ষে রয়েছেন তিনি। ছুঁয়ে ফেলেছেন ভুবনেশ্বর কুমারের রেকর্ডকে। কিন্তু ভুবনেশ্বর কুমারের তুলনায় ২৫টি ম্যাচ কম খেলেই বুমরাহ এই সাফল্য পেলেন।
উগান্ডার ক্রিকেটার ফ্রাঙ্ক সুবুগার ঝুলিতেও ১৫টি মেডেন ওভার রয়েছে,তবে তাঁর জাতীয় দল আইসিসিতে পূর্ণ-সময়ের সদস্য নয়। এছাড়াও তার দল কোনও টি২০ বিশ্বকাপেও খেলেনি।
চলতি সিরিজে তিনি হার্দিক পাণ্ড্যেকে পিছনে ফেলে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারী হয়ে গিয়েছেন টি২০ আন্তর্জাতিকে। ছোট ফর্ম্যাটের খেলায় তিনি এখনও পর্যন্ত ৭৪টি উইকেট নিয়েছেন।
ভারত আয়ারল্যান্ডকে ৩৩ রানে হারিয়ে দ্বিতীয় আর্ন্তজাতিক টি২০ ম্যাচ জয়ের সঙ্গেই তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে তো গিয়েছেই সঙ্গে এক ম্যাচ বাকি থাকতে সিরিজ জয়ও সেরে ফেলেছে। যার ফলে শেষ ম্যাচে দলের মধ্যে পরীক্ষা-নিরিক্ষার করার একটা সম্ভাবনা থাকছে।
প্রথমে ব্যাট করে, সহ-অধিনায়ক রুতুরাজ ৪২ বলে ৫৮ রান, সঞ্জু স্যামসন ২৬ বলে ৪০ রান এবং রিঙ্কু সিং ২১ বলে ৩৮ রান করেন। সবমিলিয়ে ভারত পাঁচ উইকেটে ১৮৫ রান তোলে।
জবাবে, আয়ারল্যান্ড আট উইকেটে মাত্র ১৫২ রান তুলতে সক্ষম হয়। প্রসিদ্ধ কৃষ্ণ ২৯ রানে দুই উইকেট নেন এবং রবি বিষ্ণোই ৩৭ রানে দুই উইকেট নেন। এছাড়াও অধিনায়ক যশপ্রীত বুমরাহ ১৫ রানে দু’টি উইকেট নেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
