Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপ শুরুর একদিন আগেই অস্ট্রেলিয়ার জন্য বড় ধাক্কা ফাস্ট বোলার জশ হ্যাজেলউডের ছিটকে যাওয়া। হ্যামস্ট্রিং এবং অ্যাকিলিস টেন্ডনের ইনজুরি থেকে সেরে উঠতে না পারায় শুক্রবার টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন তিনি। ৩৫ বছর বয়সী এই খেলোয়াড় ইংল্যান্ডের বিপক্ষে পুরো অ্যাশেজ সিরিজ খেলতে পারেননি এবং নভেম্বর থেকে কোনও ক্রিকেট খেলেননি। এই সপ্তাহের শুরুতে ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছিল যে তিনি টুর্নামেন্টের প্রাথমিক পর্বের ম্যাচগুলো খেলতে পারবেন না এবং তাঁর বদলি হিসেবে শন অ্যাবটকে দলে ডাকা হয়েছে। কিন্তু শুক্রবার তারা জানিয়ে দিয়েছেন যে, শনিবার ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টের আগে পুরো ফিট হওয়ার জন্য হ্যাজেলউডের হাতে আর সময় নেই। নির্বাচক টনি ডোডেমাইড বলেন, “আমরা আশা করেছিলাম যে জশ সুপার এইট পর্বের মধ্যে ম্যাচ খেলার মতো ফিটনেস ফিরে পাবে। কিন্তু সর্বশেষ যা খবর, তাঁর পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগবে এবং তাঁর পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করলে ঝুঁকি অনেক বাড়বে।”

“আমরা এখনই কোনও বদলি খেলোয়াড়ের নাম ঘোষণা করছি না। আমরা মনে করি, প্রাথমিক ম্যাচগুলোর জন্য আমাদের দলে যথেষ্ট বিকল্প আছে, তাই পরবর্তী যে কোনও সিদ্ধান্ত সেই সময়ের প্রয়োজন অনুযায়ী নেওয়া হবে।”

একটি প্রস্তুতিমূলক সিরিজে পাকিস্তানের কাছে ৩-০ ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পর অস্ট্রেলিয়া কিছুটা অগোছালো অবস্থায় বিশ্বকাপে যাচ্ছে এবং তারা তাদের শেষ পাঁচটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচে জয়হীন রয়েছে।

পেস আক্রমণের প্রধান বোলার এবং টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সও কোমরের নিচের অংশের চোট থেকে ধীরে ধীরে সেরে ওঠার কারণে পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছেন, তাঁর জায়গায় বেন ডোয়ারশুইসকে দলে নেওয়া হয়েছে।

গ্রুপ ‘বি’-তে অস্ট্রেলিয়ার সব ম্যাচ শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে।

তারা ১১ ফেব্রুয়ারি কলম্বোতে আয়ারল্যান্ডের বিপক্ষে তাদের অভিযান শুরু করবে এবং সহ-আয়োজক শ্রীলঙ্কা, ওমান ও জিম্বাবোয়ের মুখোমুখি হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *