Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ২০২৬ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মিনি-নিলামে কলকাতা নাইট রাইডার্স ছিল সবচেয়ে বেশি অর্থ ব্যয়কারী দল; কিন্তু নতুন মরসুম শুরুর মাত্র কয়েক দিন আগেই তাদের অন্যতম তারকা খেলোয়াড়ের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শ্রীলঙ্কার পেসার মাথিশা পাথিরানাকে দলে নিতে কেকেআর ১৮ কোটি টাকা খরচ করেছিল, কিন্তু ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ার পর আইপিএলে তাঁর অংশগ্রহণ এখনও অনিশ্চিত। বিভিন্ন প্রতিবেদন থেকে জানা গিয়েছে যে, এই পেসারের শারীরিক অবস্থা বা অংশগ্রহণের বিষয়ে স্পষ্ট কোনও তথ্য না থাকায় পাথিরানার জন্য একাধিকবার বিমানের টিকিট বুক করেছে এবং তা বাতিলও করেছে।

কেকেআর-এর একটি সূত্র পিটিআই-কে জানিয়েছে, “দলে তাঁর যোগ দেওয়ার বিষয়টি তারা এখনও নিশ্চিত করেনি। আমরা তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি এবং প্রায় প্রতিদিনই তাঁর জন্য বিমানের টিকিট বুক করা হচ্ছে ও বাতিল করা হচ্ছে।”

এর মূল কারণ হল, পাথিরানা এখনও শ্রীলঙ্কা ক্রিকেটের কাছ থেকে খেলার ছাড়পত্র বা ‘ক্লিয়ারেন্স’ পাননি।

আইপিএল শুরু হওয়ার আগেই কেকেআর-এর পেস আক্রমণ একাধিকবার ধাক্কার সম্মুখীন হয়েছে। পাথিরানার সম্ভাব্য বিকল্প হিসেবে মিনি-নিলামে ফ্র্যাঞ্চাইজিটি বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ৯.২০ কোটি টাকায় কিনেছিল। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনার জেরে ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে ফ্র্যাঞ্চাইজিটি মুস্তাফিজুরকে ছেড়ে দেয়।

কেকেআর-এর ভারতীয় পেসার হর্ষিত রানা ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর ঠিক আগে হাঁটুতে গুরুতর চোট পান; যার ফলে তিনি সম্ভবত এই বছরের পুরো আইপিএল থেকেই ছিটকে যাবেন, বলে ম নে করা হচ্ছে।

তিনবারের চ্যাম্পিয়ন দলটি মুস্তাফিজুরের বদলি হিসেবে জিম্বাবোয়ের পেসার ব্লেসিং মুজারাবানিকে দলে নিয়েছে। তবে হর্ষিতের বদলি হিসেবে তারা এখনও কাউকে দলে নেওয়ার কথা জানায়নি।

অজিঙ্ক রাহানের নেতৃত্বে এবং অভিষেক নায়ারের কোচিংয়ে কেকেআর ২০২৬ সালে একটি ভালো মরসুম কাটানোর লক্ষ্য নিয়ে মাঠে নামবে; বিশেষ করে গত ২০২৫ সালের আইপিএল মরসুমে অষ্টম স্থানে থেকে তারা নিজেদের ইতিহাসে যৌথভাবে সর্বনিম্ন অবস্থানে থেকে টুর্নামেন্ট শেষ করেছিল। আগামী ২৯ মার্চ মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে ম্যাচ দিয়ে তাদের এবারের আইপিএল অভিযান শুরু হবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *