অলস্পোর্ট ডেস্ক: শেষরক্ষা হলো না। শেষ মুহূর্তে নিজেকে সামলে নিয়েও বড় শাস্তির মুখে পড়তে হল কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বোলার হর্ষিত রানাকে। ২৯ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেনে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ চলাকালীন আইপিএল কোড অফ কন্ডাক্ট লঙ্ঘনের জন্য তাঁর ম্যাচ ফি’র ১০০ শতাংশ জরিমানার পাশাপাশি এক ম্যাচের জন্য নির্বাসিত করা হল তাঁকে।
আইপিএলের আচরণবিধির ধারা ২.৫-এর অধীনে এটি একটি লেভেল ওয়ান অপরাধ। তিনি অপরাধ স্বীকার করে নিয়েছেন এবং ম্যাচ রেফারির অনুমোদন গ্রহণ করেন। আচরণবিধির লেভেল ওয়ান লঙ্ঘনের জন্য, ম্যাচ রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত এবং বাধ্যতামূলক।
খেলোয়াড়কে এর আগে আইপিএল কোড অফ কন্ডাক্টের একই স্তর এবং অনুচ্ছেদে শাস্তি দেওয়া হয়েছিল। আইপিএল ২০২৪-এর প্রথম ম্যাচে ঘরের মাঠে মায়াঙ্ক আগরওয়ালকে আউট করার পর তাঁকে ফ্লাইং কিস ছুঁড়ে দিয়েছিলেন তিনি। সেবার শাস্তি হিসেবে ম্যাচ ফি-র ৬০ শতাংশ জরিমানা হয়েছিল হর্ষিতের। এবারও উইকেট নেওয়ার পর তাঁর সেলিব্রেশন আইপিএল-এর আইন ভেঙেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
