অলস্পোর্ট ডেস্ক: বৃষ্টিতে ভেস্তে গেল আইপিএল ২০২৫-এর বেঙ্গালুরু বনাম কলকাতা ম্যাচ। আর তার সঙ্গেই শেষ হয়ে গেল গতবারের চ্যাম্পিয়ন নাইটরাইডার্সের বেঁচে থাকা স্বপ্ন। এই ম্যাচ জিততে পারলে প্লে-অফের আশা জিইয়ে থাকত কলকাতার। কিন্তু বাধ সাধল আবহাওয়া। টস পর্যন্ত করা গেল না। অপেক্ষা করে করে শেষ পর্যন্ত ম্যাচ বাতিল ঘোষণা করে দেওয়া হল। ভারত-পাকিস্তান যুদ্ধের আবহে সাময়িক বন্ধ রাখা হয়েছিল আইপিএল। কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়া তা আবার শনিবার থেকে শুরু হয়। দ্বিতীয় পর্বের শুরুতেই মুখোমুখি হয়েছিল আরসিবি ও কেকেআর। চিন্নাস্বামী স্টেডিয়ামে যে ম্যাচ খেলাই হল না। বৃষ্টির পূর্বাভাস তো ছিলই। তবুও ওভার কমিয়ে ম্যাচ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু একবারের জন্যেও বৃষ্টি থামেনি।
এদিন কম করে পাঁচ ওভারের ম্যাচের আশায় দীর্ঘ অপেক্ষার পর রাত ১০:২৫ মিনিটে ম্যাচটি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃষ্টির কারণে ম্যাচ ভেস্তে যাওয়ায় আরসিবি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পুনরায় শুরু হওয়ার সঙ্গেই পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে, ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে।
ভেস্তে যাওয়া ম্যাচ থেকে প্রাপ্য এক পয়েন্টের ফলে আরসিবি আইপিএল প্লেঅফের দিকে এক পা এগিয়ে গেল। তাদের শেষ দু’টি লিগ পর্যায়ের খেলা থেকে শেষ চারে খেলার যোগ্যতা অর্জনের জন্য আর মাত্র এক পয়েন্ট প্রয়োজন কোহলিদের। এবার তারা ২৩শে মে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ খেলবে, যা এখনও এক সপ্তাহ বাকি।
আইপিএল লিগ টেবলে এই মুহূর্তে ১১ ম্যাচ কম খেলে ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে গুজরাট টাইটান্স। সমান সংখ্যক ম্যাচ খেলে ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে পঞ্জাব কিংস। এর পর মু্ম্বই ইন্ডিয়ান্সের ১২ ম্যাচে ১৪ ও দিল্লি ক্যাপিটালসের ১১ ম্যাচে ১৩ পয়েন্ট রয়েছে। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে থাকা কলকাতার বিদায় হয়ে গেল এবারের মতো।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
