Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এই মরসুমের শুরুটাই দারুণভাবে করে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স ঘরের মাঠে এই সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়েই। আবার মুখোমুখি এই দুই দল। তবে এবার আরও কঠিন লড়াই। আইপিএল ২০২৪-এর প্রথম প্লে-অফে আবার দেখা হতে চলেছে দুই দলের। লিগের শেষ ম্যাচে গুয়াহাটিতে কলকাতা বনাম রাজস্থান ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে যায়। এই ম্যাচ হলে এবং রাজস্থান জিতলে প্লে-অফে কলকাতার প্রতিপক্ষ হত রাজস্থানই। কিন্তু তেমনটা হয়নি। অন্যদিকে আগের দিনই পঞ্জাব কিংসকে হারিয়ে দ্বিতীয় স্থানে উঠে গিয়েছিল হায়দরাবাদ। পরের ম্যাচ না হওয়ায় সেই জায়গা থেকে গিয়েছে তাদেরই। মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম প্লে-অফে নামছে কলকাতা ও হায়দরাবাদ।

কলকাতার সামনে এই মুহূর্তে সব থেকে বড় সমস্যা তাদের ওপেনিং জুটি ও উইকেট কিপিং। প্রথম ম্যাচ থেকে এখনও পর্যন্ত হওয়া শেষ ম্যাচে এই দায়িত্ব সাফল্যের সঙ্গে সামলে গিয়েছেন ফিল সল্ট। কিন্তু দেশের প্রতিনিধিত্ব করতে বাকি সব ইংল্যান্ড প্লেয়ারদের সঙ্গে তাঁকেও ফিরে যেতে হয়েছে দেশে। দলকে প্লে-অফে তোলার পিছনে তাঁর বড় ভূমিকা ছিল। কিন্তু দল যখন প্লে-অফে নামবে তখন তাঁর জায়গায় কে তা নিয়ে সংশয় থাকছেই। পাশাপাশি যেই নামুক না কেন তিনি পরীক্ষিত নন। এখনও অন্য কেউ এই জায়গায় খেলেননি। যেই খেলুক না তিনি কোনও ম্যাচ না খেলেই সরাসরি প্লে-অফে খেলতে নামবে।

সেদিক থেকে দেখতে গেলে এই জায়গায় প্রথম পছন্দ অবশ্যই গুরবাজ। শেষ ম্যাচে প্রথম দলে তাঁকেই রাখা হয়েছিল। কিন্তু ম্যাচটাই করা সম্ভব হল না। যার ফলে কঠিন ম্যাচে নামার আগে ম্যাচ প্র্যাকটিসের সুযোগ পেলেন না গুরবাজ। প্লে-অফেও প্রথম পছন্দ থাকবেন তিনিই। অন্যদিকে, কলকাতার ব্যাটিংয়ের অন্যতম ভরসা সুনীল নারিন ফর্মেই রয়েছেন। তাঁর সঙ্গে ভেঙ্কটেশ আইয়ার তিন নম্বরে নেমে যেখানে নিজের সেরাটা দিচ্ছেন সেখানে শেষের দিকে নেমে বাজিমাত করছেন রমনদীপ সিং।

তবে কলকাতাকে চিন্তায় রাখবে দলের মিডল অর্ডার। মরসুম শেষ হতে চলল ফর্মে ফিরতে  যেমন‌ পারলেন না অধিনায়ক শ্রেয়াস আইয়ার তেমনই রিঙ্কু সিং। তবে নীতিশ রানা ফেরায় কিছুটা ভরসা হয়ে উঠতে পারেন। কলকাতার সব থেকে বড় ভরসার জায়গা যদিও তাঁর বোলিং আক্রমণ। দুরন্ত ছন্দে রয়েছেন বিশেষ করে কলকাতার ভারতীয় বোলাররা। বল হাতে দ্বিতীয় ম্যাচ থেকেই দাপট দেখাচ্ছেন বরুণ চক্রবর্থী, হর্ষিত রানা। মিচেল স্টার্ক এদি‌ন নিজেকে ফিরে পেলে তিনিও আঘাত হানতে পারেন। কারণ এই মাঠে পেসাররা অনেকবেশি সফল। ৮০ শতাংশ উইকেট রয়েছে পেসারদের ঝুলিতেই।

দুই দলই চাইবে এই ম্যাচ জিতে সরাসরি ফাইনালের যোগ্যতা অর্জন করতে। হেরে গেলেও আরও একটি সুযোগ থাকবে সেই দলের কাছে।  এদিনের ম্যাচ তাই কলকাতার কাছে খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকেই দাপট দেখিয়ে লিগ শীর্ষে থেকেই প্লে-অফে পৌঁছেছে কেকেআর। তাই এবার ট্রফি দেখতে পাচ্ছেন কেকেআর ফ্যানরা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *