Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লি ক্যাপিটালসের কাছে নাস্তানাবুদ হয়ে হারের হ্যাটট্রিক করে ফেলল তারা। মূলত ব্যাটিং ব্যর্থতার জন্যই হারতে হচ্ছে কেকেআর-কে। দিল্লির কাছে হারের পর নাইট অধিনায়ক নীতিশ রানা পুরো দায় নিজের ঘাড়েই তুলে নিলেন।

ম্যাচের পর নীতিশ বলেন, ‘আমার মনে হয়, কঠিন পিচ হলেও, আমরা ১৫-২০ রান কম করেছি। এই হারের দায় আমি নিচ্ছি। আমার উইকেট ছুঁড়ে না দিয়ে টিকে থাকা উচিত ছিল।’ কেকেআর-এর পুরো ব্যাটিং অর্ডারই ব্যর্থ হয়েছে। জেসন রয় এবং আন্দ্রে রাসেল কিছুটা রান করায় নাইটরা তাও ১০০ রানের গণ্ডি টপকেছিল না হলে হাল আরও খারাপ হত।

ব্যাটাররা খারাপ খেললেও, বোলাররা কিন্তু লড়াই করেছে। ১২৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দিল্লি মাত্র ৪ বল বাকি থাকতে সেই লক্ষ্যে পৌঁছয়। তাও ৬ উইকেট হারিয়ে। নীতিশ বলছিলেন, ‘বোলারদের কৃতিত্ব দিতে হবে। আমি মনে করি, আগামী ম্যাচগুলো আমাদের জন্য ভালো হবে। যদি আমরা এ ভাবে বোলিং এবং লড়াই চালিয়ে যেতে পারি। ওরা পাওয়ারপ্লেতে সত্যিই ভালো খেলেছে। সেখানেই ওরা ম্যাচটি জিতে গিয়েছিল। দল হিসেবে আমাদের ভালো খেলতে হবে। আমাদের আজকের মতো বোলিং করতে হবে, আমরা যদি ঠিকঠাক পরিকল্পনা করতে পারি, আমার ধারণা আমরা আরও ভালো লড়াই করতে পারব।’

দলে একাধিক পরিবর্তন করেছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু ভাগ্য বদলাতে পারেনি। দিনের পর দিন ব্যর্থ হওয়া রহমানুল্লাহ গুরবাজকে বসিয়ে খেলানো হয়েছিল লিটন দাসকে। কিন্তু তিনি ব্যর্থ হন। এ দিন খেলানো হয়েছিল জেসন রয়কেও। যিনি ৪৩ রান করলেও নেন ৩৯ বল। উল্টো দিক থেকে একের পর এক ব্যাটার আউট হওয়ায় হাত খুলতেই পারছিলেন না জেসন রয়। তিন নম্বরে ব্যাট করতে নেমে বেঙ্কটেশ আইয়ার রানের খাতা খুলতে পারেননি। অধিনায়ক নীতীশ রানা নিজের ঘরের মাঠে করেন মাত্র ৪ রান। মনদীপ সিংহ (১২), রিঙ্কু সিংহ (৬), সুনীল নারিনরা (৪) চূড়ান্ত ব্যর্থ। জেসন একা চেষ্টা করে গেলেন রান করার, কিন্তু কোনও ব্যাটারই সাহায্য করতে পারলেন না তাঁকে। আন্দ্রে রাসেলের অপরাজিত ৩৮ (৩১ বলে) কিছুটা অক্সিজেন। বাকিরা তথৈবচ। ২০ ওভারে ১০ উইকেট হারিয়ে ১২৭ রান করে কেকেআর। দিল্লির ইশান্ত শর্মা, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, এনরিখ নরকিয়া ২টি করে উইকেট নিয়েছেন। মুকেশ কুমার ১টি উইকেট নিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *