অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪-এ কলকাতা নাইট রাইডার্সের জন্য় শুরু থেকেই দারুণ যাচ্ছে। ঘরের মাঠে জয় দিয়ে শুরু করার পর দুটো অ্যাওয়ে ম্যাচেও সহজ জয় তুলে নিয়েছে কলকাতার দল। যার ফলে ইতিমধ্যেই কেকেআর পৌঁছে গিয়েছে লিগ টেবিলের শীর্ষে। তিন ম্যাচে তিন জয়-সহ ৬ পয়েন্ট রয়েছে কলকাতার। যাদের নেট রানরেট +২.৫১৮। একই ম্যাচে একই পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে রাজস্থান রয়্যালস। তবে তারা নেট রানরেটের নিরিখে কলকাতার থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে। রাজস্থানের রান রেট ১.২৪৯।
এর পর একই পয়েন্টে রয়েছে আরও তিন দল। চেন্নাই সুপার কিংস, লখনউ সুপার জায়ান্ট ও গুজরাট টাইটান্স তিনটি করে ম্যাচ খেলে দু‘টি জয় ও একটি হার নিয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে। সবারই পয়েন্ট তিন ম্যাচে চার। নেট রান রেটের নিরিখে তারা আগে পড়ে রয়েছে। পরের চার দল রয়েছে দুই পয়েন্টে।

তার মধ্যে সানরাইজার্স হায়দরাবাদ তিন ম্যাচে একটি জয় ও দু‘টি হার নিয়ে রয়েছে ষষ্ঠ স্থানে। এর পর পঞ্জাব কিংস তিন ম্যাচে একটি জয় ও দু‘টি হার নিয়ে রয়েছে সপ্তম স্থানে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু চার ম্যাচে একটি জয় ও তিনটি হার-সহ রয়েছে অষ্টম স্থানে। চার ম্যাচে একটি জয় ও তিনটি হার নিয়ে নবম স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস।
সব থেকে খারাপ অবস্থা মুম্বই ইন্ডিয়ান্সের। এখনও পর্যন্ত একটিও ম্যাচ জিততে পারেনি হার্দিক পাণ্ড্যের মুম্বই। তারা খেলেছে তিনটি ম্যাচ। তিনটিতেই হারতে হয়েছে তাদের। এখন পয়েন্টের খাতা শূন্য। নেট রান রেটে মাইনাসের খাতায় রয়েছে চার দল পঞ্জাব, বেঙ্গালুরু, দিল্লি ও মুম্বই।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
