Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ এ বার প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংস। শেষ দু’টি ম্যাচ জিতে ইডেনে খেলতে এসেছেন মহেন্দ্র সিংহ ধোনিরা। কলকাতা নাইট রাইডার্স অবশ্য ঘরের মাঠেও চাপে। টানা তিন ম্যাচে হারই চাপে রেখেছে নীতীশ রানার দলকে।

আইপিএলের প্রথম ম্যাচ থেকেই কেকেআরের অন্যতম প্রধান সমস্যা ওপেনিং জুটি এবং পাওয়ার প্লের ব্যাটিং। যে উদ্বেগের কথা ধরা পড়েছে ম্যাচের আগের দিন বোলিং কোচ ভরত অরুণের গলাতেও। প্রথম একাদশ নিয়েও চাপে রয়েছে কলকাতা শিবির। পর পর তিন ম্যাচে হার চাপ বাড়িয়েছে দলের উপর। রহমানুল্লা গুরবাজ় ব্যাটে রান পাওয়ায় দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে সুযোগ দেওয়া হয়েছিল লিটন দাসকে। বাংলাদেশের উইকেটরক্ষক-ব্যাটার চিন্তা আরও বাড়িয়েছেন। ব্যাটে রান পাননি। উইকেটের পিছনেও ব্যর্থ।

উপরের দিকের ব্যাটারদের ধারাবাহিকতার অভাব যেমন নাইটদের বড় চিন্তা, তেমনই উদ্বেগের কারণ পাওয়ার প্লের বোলিং। উমেশ যাদব, লকি ফার্গুসন বা টিম সাউদিরা দলকে ভরসা দিতে পারছেন না তেমন। যদিও দলের স্পিনারদের ধারাবাহিকতা কিছুটা স্বস্তি দিচ্ছে নাইট কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে। সব মিলিয়ে ঘরের মাঠে ধোনির দলের বিরুদ্ধে রণকৌশল ঠিক যথেষ্ট ঘাম ঝড়াতে হচ্ছে পণ্ডিত এবং তাঁর সহকারীদের। ফলে ধোনিরা নন, নাইটরা নিজেদেরই নিজেদের সব থেকে বড় চিন্তা।

অন্য দিকে ছ’টি ম্যাচ খেলে চারটি ম্যাচ জেতা চেন্নাই শিবির আত্মবিশ্বাসী। দলের বোলিং নিয়ে শুরুর দিকে ধোনি অসন্তুষ্ট ছিলেন। তাঁর বোলাররা সমস্যা অনেকটাই কাটিয়ে উঠেছেন। ধোনি নিজে ভাল ছন্দে রয়েছেন। ছন্দে রয়েছেন রবীন্দ্র জাডেজা, রুতুরাজ গায়কোয়াড়, ডেভন কনওয়ে, অজিঙ্ক রাহানে, মাথিশা পাথিরানার মতো ক্রিকেটাররাও। ভরসা দিচ্ছেন মইন আলিও। চেন্নাইয়ের বড় শক্তি অধিনায়ক ধোনির ঠান্ডা এবং ক্ষুরধার ক্রিকেট মস্তিষ্ক। ইডেনে ধোনিরা যা নাইটদের সামনে কঠিন প্রশ্নপত্র মেলে ধরবেন, তা নিয়ে সন্দেহের অবকাশ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *