ছবি—কেকেআর এক্স
অলস্পোর্ট ডেস্ক: ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইপিএল ২০২৪ । সব দল খেল ফেলেছে একটি করে ম্যাচ। তার মধ্যেই সম্পূর্ণ সূচি ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দেশে সাধারণ নির্বাচনের কারণে প্রাথমিকভাবে পুরো সূচি ঘোষণা করা সম্ভব হয়নি। মাত্র ২১টি ম্যাচের দিন-ক্ষণ ঘোষণা হয়েছিল সেই সময়। যাতে সব দল তিনটে করে ম্যাচ খেলার সময় জানতে পেরেছিল। তবে হোলির আনন্দের মধ্যেই জানিয়ে দেওয়া হল পুরো সূচি-সহ ফাইনালের দিনও। তবে কলকাতার জন্য সুখবর, তারা টানা পাঁচটি ম্যাচ খেলবে ঘরের মাঠে। যার ফলে অতিরিক্ত ভ্রমণের ক্লান্তি থেকে কিছুটা মুক্তি মিলবে কেকেআর-এর।
কলকাতা ও শহরতলির বেশিরভাগ জায়গাতেই ভোটের দিন নির্ধারিত হয়েছে ১ জুন। যদিও সাত দফার ভোটে সব দফাতেই বাংলায় ভোট রয়েছে। কিন্তু কলকাতায় সবার শেষে। সে কারণে ১১ মে-র মধ্যে কলকাতার মাটিতে সব খেলা শেষ করে ফেলার সিদ্ধান্ত নিল বোর্ড। যার ফল টানা পাঁচটি ম্যাচ ঘরের মাঠেই খেলবে কলকাতা নাইট রাইডার্স।
মরসুমের প্রথম ম্যাচটি ঘরের মাঠে হায়দরাবাদকে হারিয়ে জিতে নিয়েছে কলকাতা। এর পর প্রথম সূচিতে থাকা বেঙ্গালুরু ও দিল্লি ম্যাচ রয়েছে ২৯ মার্চ ও ৩ এপ্রিল। দ্বিতীয় সূচিতে কলকাতা শুরু করবে অ্যাওয়ে ম্যাচ দিয়ে। ৮ এপ্রিল চেন্নাইয়ের বিরুদ্ধে খেলবে দল। চেন্নাইয়ে ম্যাচ খেলে সোজা ঘরে ঢুকে পড়বে কেকেআর। ১৪ এপ্রিল (রবিবার, দুপুর ৩.৩০) কলকাতার প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট। ১৭ এপ্রিল (বুধবার, সন্ধে ৭.৩০) কলকাতায় খেলতে আসবে রাজস্থান রয়্যালস। ২১ এপ্রিল (রবিবার, দুপুর ৩.৩০), রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে খেলবে কলকাতা। ২৬ এপ্রিল (শুক্রবার, সন্ধে ৭.৩০) কলকাতা খেলবে পঞ্জাব কিংসের বিরুদ্ধে। ২৯ এপ্রিল (সোমবার, সন্ধে ৭.৩০) কলকাতারকে খেলতে হবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে।
এর পর দু‘টি অ্যাওয়ে ম্যাচ। ৩ মে (শুক্রবার, সন্ধে ৭.৩০) মুম্বই ইন্ডিয়ান্স ও ৫ মে (রবিবার, সন্ধে ৭.৩০) লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। এর পর আবার ঘরের মাঠে একটি ম্যাচ খেলবে কলকাতা। ১১ মে (শনিবার, সন্ধে ৭.৩০) ঘরের মাঠে কলকাতা মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্সের। শেষ দু‘টি ম্যাচ কলকাতার জন্য বাইরের মাঠে। সেখানে ১৩ মে (সোমবার, সন্ধে ৭.৩০) গুজরাট টাইটান্স ও ১৯ মে (রবিবার, ৭.৩০) রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে কলকাতা। রাজস্থান এই ম্যাচটি খেলবে গুয়াহাটিতে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
