অলস্পোর্ট ডেস্ক: শেষ পর্যন্ত দিন বদল হয়ে গেল কলকাতা বনাম রাজস্থান ম্যাচের। আগামী ১৭ এপ্রিল কলকাতার ইডেন গার্ডেন্সে এই ম্যাচ হওয়ার কথা থাকলেও স্থানীয় পুলিশ তাতে বাধা দেয়। তাদের তরফে আয়োজক সংস্থাকে জানানো হয় এই দিন রাম নবমীর অনুষ্ঠান রয়েছে, যা কলকাতায় বড় করেই পালিত হয়। সে কারণে সেখানে অনেক পুলিশের প্রয়োজন হবে। সেই দিনই যদি ইডেনে ম্যাচ থাকে তাহলে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করা সম্ভব হবে না। সেই মতো ভারতীয় ক্রিকেট বোর্ডকে দিন বদলের আর্জি জানিয়েছিল সিএবি। একদিনের মধ্যেই পরিবর্তিত দিন জানিয়ে দেওয়া হল।
কলকাতা বনাম রাজস্থান ম্যাচটি ইডেন গার্ডেন্সে ১৭ এপ্রিলের পরিবর্তে হবে ১৬ এপ্রিল। প্রাথমিকভাবে জানা গিয়েছিল, পুলিশের ১৭ এপ্রিল ম্যাচ করার আপত্তির কারণে বদলে যেতে পারে ভেন্যু। কিন্তু সিএবি কোনওভাবেই ভেন্যু বদলের পক্ষে ছিল না। যে কারণে বিসিসিআই-কে দুটো পরিবর্তিত দিনের কথা তাদের তরফে জানানো হয়েছিল। সিএবির তরফে বলা হয়েছিল হয় একদিন আগে ১৬ এপ্রিল অথবা একদিন পরে ১৮ এপ্রিল করা হোক এই ম্যাচ। সেই সময় বোর্ডের তরফে জানানো হয়েছিল, একটা দিন পরিবর্তন করা মানে অনেক কিছু বদলে যাওয়া। তাই তারা একটু ভাবনা-চিন্তা করেই সিদ্ধান্ত নিতে চায়।

তবে একদিনের মধ্যেই সিদ্ধান্ত জানিয়ে দিল বোর্ড। একটি ম্যাচের দিন বদলাতে গিয়ে বদল করতে হল অন্য আর একটি ম্যাচের দিনও। ১৬ এপ্রিল ছিল গুজরাত বনাম দিল্লি ম্যাচ। এই ম্যাচটিকে নিয়ে যাওয়া হয়েছে ১৭ এপ্রিল। এক কথায় দিন অদল-বদল করা হল। ১৬ এপ্রিল হচ্ছে কলকাতা বনাম রাজস্থান ম্যাচ। যদিও কেকেআর-এর জন্য বিষয়টি একটু কঠিন। রিকভারির সময় তেমনভাবে পাওয়া যাবে না। কারণ ১৪ এপ্রিলই ইডেনে ম্যাচ খেলবে কলকাতা দল। তবে একটা ভাল দিক, এদিন লখনউ সুপার জায়ান্টের বিরুদ্ধে ম্যাচটি দুপুর ৩.৩০ থেকে হবে। ১৭-র ম্যাচ হয়ে যাওয়ার পর বেশ কিছুটা সময় পাবে দল। কারণ পরের ম্যাচ অআবার ২১ এপ্রিল।
এর মধ্যেই ১৯ এপ্রিল থেকে দেশে শুরু হয়ে যাচ্ছে লোকসভা নির্বাচন। সাত দফায় দেশ জুড়ে চলবে ভোটগ্রহন। এই সাত দফাতেই পশ্চিমবঙ্গে ভোট রয়েছে। তবে কলকাতায় ভোট ১ জুন। ততদিনে শেষ হয়ে যাবে আইপিএল। যে কারণে টানা পাঁচটি হোম ম্যাচ খেলবে কেকেআর। ৩ এপ্রিল বিশাখাপত্তনমে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে খেলার পর কলকাতা দল চলে যাবে চেন্নাই। সেখানে সুপার কিংসের বিরুদ্ধে ৮ এপ্রিল খেলার পরই কলকাতায় ফিরে আসবে দল। এর পর ১৪, ১৬, ২১, ২৮, ২৯ এপ্রিল পর পর রয়েছে ঘরের মাঠে ম্যাচ। এর পর ৩ ও ৫ মে দুটো অ্যাওয়ে ম্যাচ খেলে আবার ১১ মে ঘরের মাঠে খেলবে কলকাতা। ঘরের মাঠে এটিই কলকাতার শেষ ম্যাচ। তার পর ১৭ ও ১৯ মে দুটো অ্যাওয়ে ম্যাচ দিয়ে শেষ হবে লিগ পর্ব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
