Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এই মুহূর্তে ভারতের স্পিন বোলিং-এর সেনসেশন কুলদীপ যাদব। সোমবারের পর মঙ্গলবার শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে আবারও রেকর্ড করলেন তিনি। ১৫০ উইকেট নেওয়ার মাইলফলক ছুঁলেন কুলদীপ। তাও মাত্র ৮৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে। নিজের রেকর্ড গড়ার সঙ্গে সঙ্গে তিনি ভেঙে দিলেন ভারতের কিংবদন্তি স্পিনার অনিল কুম্বলের রেকর্ড। তিনি ১০৬টি ম্যাচ খেলে ১৫০ টি উইকেট নিয়েছিলেন।

এদিনের ম্যাচে ৯.৩ ওভারে মাত্র ৪৩ রান দিয়ে চার উইকেট নিয়েছেন কুলদীপ। সব মিলিয়ে ইকনামি রেট ছিল ৪.৫২। এই ম্যাচে তিনি শ্রীলঙ্কার মিডিল অর্ডার ব্যাটার সাদিরা সামারাউইক্রমা এবং চারিথ আসালাঙ্কার মত দু’টি গুরুত্বপূর্ণ উইকেট নেন। এছাড়াও পরে কাসুন রাজিথা এবং মাথিশা পাথিরানার উইকেট নিয়ে দলের জয়ের পথ পরিস্কার করে দেন।

এই মুহূর্তে ৮৮টি একদিনের ম্যাচ খেলে কুলদীপের ঝুলিতে ১৫০ উইকেট রয়েছে। এবং গড় ইকনামি রেট ২৫.৬৪। এর মধ্যে সেরা বোলিং ২৫ রানে ছয় উইকেট। এছাড়াও তিনি ভারতের দ্বিতীয় বোলার যিনি একদিনের ম্যাচে ১৫০টি উইকেট নিয়েছেন। তাঁর আগে রয়েছেন ভারতীয় পেসার মহম্মদ শামি। যিনি ৮০ ম্যাচ খেলে ১৫০ উইকেট নিয়েছেন। তবে স্পিনার হিসেবে এই রেকর্ড তালিকার শীর্ষে রয়েছেন কুলদীপ।

বিশ্ব ক্রিকেটে স্পিনার হিসেবে ১৫০ উইকেট নেওয়ার রেকর্ডে চতুর্থ স্থানে রয়েছেন তিনি। এই তালিকার শীর্ষে রয়েছেন সাকলিন মুস্তাক (৭৮ ম্যাচ), তারপর রয়েছেন রশিদ খান (৮০ ম্যাচ) এবং শ্রীলঙ্কার অজন্তা মেন্ডিস (৮৪ ম্যাচ)।

এশিয়া কাপ ২০২৩-এ এখনও পর্যন্ত সব থেকে বেশি উইকেট রয়েছে কুলদীপের দখলে। ভারতের চিরশত্রু পাকিস্তানের বিপক্ষে পাঁচটি উইকেট নিয়েছেন তিনি।

মঙ্গলবার সুপার ফোরের ম্যাচে প্রথম ব্যাটিং করে ভারত। অধিনায়ক রোহিত শর্মা (৪৮ বলে ৫৩ রান, ৭টি চার এবং ৩টি ছয়) এবং শুভমান গিল (১৯) জুটির হাত ধরে ম্যাচের শুরুটা ভাল করলেও, শ্রীলঙ্কার স্পিন জুটি দুনিথ ওয়েলালেজ এবং আসালাঙ্কার সামনে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি ভারত। লোকেশ রাহুল এবং ঈশান কিষানের ৬৩ রানের জুটির পর আর কেউ সেভাবে উইকেট ধরে রাখতে পারেননি। ৪৯.১ ওভারে সব উইকেট হারিয়ে ২১৩ রান করে ভারত।

২১৪ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে প্রথমেই ভেঙে পরে শ্রীলঙ্কার ব্যাটিং। মাত্র ৯৯ রানে ৬ উইকেট হারিয়ে ফেলেন তাঁরা। যশপ্রীত বুমরাহ ৩০ রানে দুই উইকেট নেন, মহম্মদ সিরাজ ১৭ রানে এক উইকেট নেন এবং কুলদীপ যাদব ৪৩ রানে চার উইকেট নেন। এরপর শ্রীলঙ্কার ব্যাটার ধনঞ্জয় দি সিল্ভা এবং ওয়েলালেজ ম্যাচ কিছুটা নিজেদের দিকে ঘোরালেও ভারতের বোলিং-এর সামনে দাঁড়াতে পারেননি তাঁরা। ৪১.৩ ওভারে ১৭২ রানে সব উইকেট পরে যায় তাঁদের।

এই ম্যাচ জিতে এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে পৌঁছে গেল ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *