অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ আর এক মাস পরই। কিন্তু সেখানে খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার লোকেশ রাহুল-এর। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য অনেকদিন ধরেই মাঠের বাইরে রয়েছেন তিনি। অনুশীলনে নামলেও তিনি এখনও ম্যাচ ফিট নন। তাই এশিয়া কাপে খেলার সুযোগ কম। এর পর প্রশ্ন উঠতেই পারে, এশিয়া কাপ তো হল না, বিশ্বকাপে কি তিনি ফিট হয়ে ফিরবেন? তার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়।
অন্যদিকে আর এক গুরুত্বপূর্ণ প্লেয়ার শ্রেয়াস আয়ারের এশিয়া কাপে তো ফেরা হচ্ছেই না ফেরা হবে না হয়তো বিশ্বকাপেও।স্ট্রেস ফ্র্যাকচারের জন্য আইপিএলেও এবার খেলতে পারেননি শ্রেয়াস। তাঁর পিঠে অস্ত্রোপচার হয়েছে। অস্ত্রোপচার হয়েছে লোকেশ রাহুলেরও। সম্প্রতি বোর্ড চোটগ্রস্থ প্লেয়ারদের মেডিক্যাল বুলেটিন প্রকাশ করলেও শ্রেয়াস ও লোকেশের ফেরার দিন-ক্ষণ সম্পর্কে কিছু জানায়নি।
বোর্ডের এক সূত্রের খবর, এই দু’জনেরই এখনই ৫০ ওভারের ক্রিকেটে ফেরা অসম্ভব। ম্যাচ ফিট হতে দু’জনেরই আরও বেশ খানিকটা সময় লাগবে। শ্রেয়াসকে না পারলেও বিশ্বকাপের আগে রাহুলকে ফেরানোর মরিয়া চেষ্টা করছে বোর্ডের চিকিৎসকরা। তাঁর মতে, টি২০ হলে হয়তো সহজে ফিরতে পারতেন শ্রেয়াস। কিন্তু ৫০ ওভারের ক্রিকেটে একনই কঠিন।
এদিকে অনুশীলনে নেমেছেন দুই ক্রিকেটারই। ব্যাটিংয়ের পাশাপাশি উইকেট কিপিং অনুশীলনও করছেন রাহুল। ঋষভ পন্থের অবর্তমানে রাহুলকে ভাবা হলেও ৫০ ওভার পর্যন্ত উইকেটের পিছনে কাটানো সম্ভব নয় রাহুলের। ভারতের মিডল অর্ডারে দু’জনে খুব গুরুত্বপূর্ণ। লোকেশ রাহুল তো ওপেনিংয়েও ভারতের অন্যতম পছন্দ। সব মিলে এই দুই প্লেয়ারের মাঠে ফেরা এখনও অনিশ্চিত। তবে এর মধ্যেই জসপ্রীত বুমরাহর মাঠে ফেরার খবরে কিছুটা স্বস্তি এসেছে ভারতীয় শিবিরে। আয়ারল্যান্ড সফরে তাঁকে অধিনায়ক করেই দল পাঠানো হচ্ছে। এশিয়া কাপের আগে বুমরাহকে দেখে নেওয়ার এটিই সব থেকে বড় সুযোগ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
