Cart Total Items (0)

Cart

All Sports
সবুজ-মেরুন

অলস্পোর্ট ডেস্ক: নাম যতই লখনউ হোক না কেন আইপিএলের দল লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে এই কলকাতা শহরের অন্তরঙ্গ সম্পর্ক তো রয়েছেই। পয়লা বৈশাখের দুপুরে এক কথায় ইডেন গার্ডেন্সে মুখোমুখি হতে চলেছে এমন দুই দল যার একটি তো কলকাতারই দল, নাম কলকাতা নাইট রাইডার্স এবং আর দল লখনউয়ের কিন্তু মালিক স্বয়ং কলকাতার। এক কথায় কলকাতা ডার্বি নাইট রাইডার্স বনাম সুপার জায়ান্টস ম্যাচ। শুধু কলকাতা সম্পর্ক নয় এই লখনউ দলের সঙ্গে রয়েছে মোহনবাগানেরও সম্পর্ক। লখনউয়ের মতোই মোহনবাগানের পাশে রয়েছে সুপার জায়ান্ট। লিঙ্ক একটাই, আর সেটা হল দলের মালিকানা।

সঞ্জীব গোয়েঙ্কার হাত ধরেই তৈরি হয়েছে লখনউ সুপার জায়ান্ট। অন্যদিকে শতাব্দি প্রাচীন মোহনবাগান ক্লাবের মালিকানাও রয়েছে তাঁরই হাতে। হয়তো সে কারণেই রবিবার সবুজ-মেরুন জার্সিতে দেখা যাবে কেএল রাহুলদের। মোহনবাগানের শতাব্দি প্রাচীন জার্সির রঙেই এদিন কলকাতার বিরুদ্ধে নামবে লখনউ। গত বছরও এই একই পথে হেঁটেছিল লখনউ দল।

সবুজ-মেরুন জার্সি পরা লখনউ দলের ছবি ইতিমধ্যেই এক্স হ্যান্ডলে শেয়ার করেছে ফ্র্যাঞ্চাইজি। আর সে কারণেই ধরে নেওয়া হচ্ছে মোহনবাগানের জার্সির রঙ পরেই নামবে লখনউ। সেখানে অবশ্য ইঙ্গিত দিয়ে লেখা হয়েছে, ‘‘বড় ম্যাচের জন্য নতুন রঙ। কাল দেখা হবে।’’ এমনিতে নীল রঙের জার্সি পরে খেলে লখনউ দল। তবে পুরোপুরি জার্সি বদল হচ্ছে না তাদের। শুধু এই ম্যাচের জন্যই সবুজ-মেরুনকে বেছে নেওয়া হয়েছে।

এই রবিবারই আইএসএল ২০২৩-২৪-এর লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে নামার কথা মোহনবাগানের। প্রতিপক্ষ টেবলের শীর্ষে থাকা মুম্বই সিটি এফসি। কিন্তু একই দিনে দুই দলের খেলা চাননি সঞ্জীব গোয়েঙ্কা বলে জানা গিয়েছে। যে কারণে মোহনবাগানের ম্যাচের দি‌ন একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। সোমবার হবে মোহনবাগান বনাম মুম্বই সিটি ম্যাচ। লিগ টেবলের শীর্ষে শেষ করার জন্য এই ম্যাচ মাস্ট উইন মোহনবাগানের জন্য। অন্যদিকে শেষ ম্যাচ হেরে কলকাতায় নামছে লখনউ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *