অলস্পোর্ট ডেস্কঃ ব্যাঙ্গালোরের হারের পিছনে ঘুরিয়ে মিডল অর্ডারকে দায়ী করলেন ফাফ ডু’প্লেসি। প্রথমে ব্যাট করতে নেমে কোহলির দুরন্ত শতরানে ভদ্রস্থ রানে পৌঁছে যায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর । তবে গুজরাটের দ্বিতীয় ইনিংসে শুভমন গিলের ফের শতরান। সহজেই ১৯৮ রান তুলে নিয়ে ম্যাচ জিতে নেয় গুজরাত টাইটানস। আর এই ম্যাচ হেরে প্লেঅফের লড়াই থেকে ছিটকে গেল আরসিবি।
ম্যাচ হেরে প্রথম চারের লড়াই সহ এই বছরের মতো আইপিএলে যাত্রা শেষ হয়েছে ব্যাঙ্গালোরের। ম্যাচ শেষে ব্যাঙ্গালোরের অধিনায়ক ফাফ ডু’প্লেসি বলেন, ‘আমরা খুব হতাশ। একটা শক্তিশালী দলের মতো আজকে আমরা খেলছি। তবে শুভমন গিলের ইনিংসটা আমাদের হারিয়ে দিয়ে গেল। আমরা খুব একটা ভালো বোলিং করতে পারিনি। বোলিংয়ে অনেক পরিবর্তন করেছি আমরা। বিরাট অসাধারণ অপরাজিত একটা ইনিংস খেলে যায়। যার ফলে একটা ভালো রানে দাঁড়ানোর সুযোগ পেয়েছিলাম আমরা। কিন্তু শুভমনের গিলের অসাধারণ ইনিংসটা আমাদের ম্যাচ থেকে দূরে নিয়ে যায়।’
তিনি আরও বলেন, ‘যদি আমাদের ব্যাটিংয়ের কথা বলা হয় তাহলে প্রথম চার ব্যাটাররা ভালো ব্যাট করেছে পুরো মরসুম জুড়ে। মিডল অর্ডারে আমরা বেশি রান করতে পারিনি। এই সমস্যা পুরো মরশুম জুড়েই আমাদের সঙ্গে ছিল। বিশেষ করে শেষের দিকে রান তুলতে পারিনি। বোলিংয়ের দিক থেকে বলতে গেলে খেলার মাঝে ওভারগুলিতে আমরা পছন্দ মতো উইকেট তুলতে পারিনি। বিরাট কোহলির কথা বলতে গেলে, ও পুরো মরশুম জুড়েই ধারাবাহিকভাবে রান করে গিয়েছে। ওপেনিং পার্টনারশিপ গড়েছে। এমন ম্যাচ নেই যেখানে ও ৪০ রানের কম করেছে। আমাদের ম্যাচ ফিনিশররের দিকে বেশি নজর দিতে হবে। গত বছরে দীনেশ কার্তিক অসাধারণ খেলেছিল। ম্যাচ শেষ করে আসছিল ও। কিন্তু এই বছরে তা হয়নি। যে দলগুলি সফলতা পেয়েছে তাদের দিকে তাকালে লক্ষ্য করা যাবে পাঁচ থেকে সাত নম্বর পজিশনে তাদের কাছে ভালো শট মারতে পারা ক্রিকেটাররা রয়েছে। এবার আমরা তা পাইনি। আগামী বছর নতুন করে ফের শুরু করব।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
