মাইক হেসন
অলস্পোর্ট ডেস্ক: শুক্রবার নতুন কোচের নাম ঘোষণা করে দিয়েছে আরসিবি। আগামী মরসুম থেকেই দলের দায়িত্ব নিতে চলেছেন অ্যান্ডি ফ্লাওয়ার। মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গারের সঙ্গে দলের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সেপ্টেম্বরে। তাঁদের চুক্তির আর পুনর্নবিকরণ করা হচ্ছে না। আরসিবি কর্তারা সিদ্ধান্ত নিয়েছেন এ বছর তাঁদের দু’জনের পরিবর্তে প্রধান কোচ হিসাবে নেওয়া হবে অ্যান্ডি ফ্লাওয়ারকে।
আরসিবি থেকে বিদায় নেওয়ার পর তিনি তাঁর স্যোশাল মিডিয়ায় সমর্থকদের উদ্দেশে একটি মন ছুঁয়ে যাওয়া পোস্ট করেন। প্রথমেই তিনি আরসিবির প্রধান কর্তাদের ধন্যবাদ জানিয়েছেন, তাঁকে এত বড় সুযোগ দেওয়ার জন্য। যদিও তিনি নিজের প্রতি সন্তুষ্ট নন। তিনি দলকে আইপিএল ট্রফি জেতানোর জন্য প্রস্তুত করতে পারেননি। তাই দল ছাড়ার পরেও তিনি হতাশ। নতুন কোচ অ্যান্ডি ফ্লাওয়ারকে তিনি আগামী দিনের জন্য শুভকামনা জানিয়েছেন।
তিনি তাঁর পোস্টে লিখেছেন, ‘‘আমাদের দল আগের থেকে অনেক উন্নতি করেছে। তিনবার আমরা প্লে অফেও পৌঁছেছিলাম কিন্তু কোনও বারই ট্রফি জিততে পারিনি। দলের সহকারী কর্মী, সমর্থকেরা, সবাই আমাদের পাশে ছিলেন। কিন্তু তাও আমরা কোনওবারই জিততে পারিনি। দলকে এইভাবে ছেড়ে যেতে হচ্ছে বলে আমি হতাশ।’’
তিনি আরও বলেন, ‘‘আমি দলের ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। দলের নতুন কোচের জন্য শুভকামনা রইল। এবং শেষে দলের সমর্থকেদের বলতে চাই আপনারা অসাধারণ। আপনারা সবসময় আমাদের পাশে ছিলেন। আপনাদের এই ভালোবাসা আমাকে নিজের দেশের মতই অনুভূতি দিয়েছে। এই সবকিছুর জম্য আপনাদের ধন্যবাদ।’’
ফ্লাওয়ার আরসিবির আগে লখনউয়ের প্রধান কোচ ছিলেন। তাঁর নেতৃত্বেই লখনউ সুপার জায়ান্ট পরপর দু’বার প্লে অফে পৌঁছেছিল। এর আগে তিনি কিংস ইলেভেন পঞ্জাবের (বর্তমান নাম পঞ্জাব কিংস) প্রধান কোচ ছিলেন।
ফ্লাওয়ার জানিয়েছেন ২০২৪-এ তিনি আরসিবি দলকে অন্য পর্যায়ে নিয়ে যেতে চান। তিনি বলেন, ‘‘আমার খুবই গর্ব হচ্ছে আরসিবিতে যোগ দিতে পেরে। আরসিবি দলের দু’জন কোচ মাইক হেসন এবং সঞ্জয় বাঙ্গারকে আমি শ্রদ্ধা করি। আরসিবি দলকে শীর্ষে নিয়ে যাওয়ার জন্য যা করতে হয় তা আমি করব।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
