সুচরিতা সেন চৌধুরী: শেষ বলে বেঙ্গালুরুকে হারিয়ে ঘরের মাঠে জয়ে ফিরেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে হারতে হারতে জেতা ম্যাচ যতটা না স্বস্তি দেয় তার থেকে অনেকবেশি চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। ভাগ্যের উপর নির্ভর করে তো আর টুর্নামেন্ট জেতা যায় না? আর সে কারণেই হয়তো কেকেআর টিম ম্যানেজমেন্টকে শেষ পর্যন্ত কঠিন সিদ্ধান্তটা নিতেই হচ্ছে। নিলামে নেওয়া কলকাতার সব থেকে দামী প্লেয়ার মিচেল স্টার্ক। আর তিনি একদমই ফর্মে নেই। টুর্নামেন্টের অষ্টম ম্যাচ খেলতে নামছে কলকাতা। তার আগে হাওয়ায় ভাসছে স্টার্ককে বসানোর পরিকল্পনা।
গত কয়েকদিন তাঁকে অনুশীলন করতে দেখা যায়নি। মাঠে থাকলেও বল হাতে নামেননি তিনি। তাঁকে পঞ্জাবের বিরুদ্ধে না খেলানোর সিদ্ধান্ত নিতে পারে টিম ম্যানেজমেন্ট। যদিও সে কথা স্পষ্ট করে বলছেন না কেউই। পঞ্জাব ম্যাচের আগের দিন কেকেআর-এর তরফে সাংবাদিক সম্মেলনে হাজির হয়েছিলেন রমনদীপ সিং। তাঁর কাছে স্টার্ক সম্পর্কে জানতে চাওয়া হলে, ‘‘ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণেই তিনি অনুশীলন করেননি। কে কখন বল করবে বা ব্যাট করবে সেটা সিদ্ধান্ত নেওয়া হয়। এমনকি কেউ নিজেও এই সিদ্ধান্ত নিতে পারেন।’’
তবে তিনি যেটা স্পষ্ট করে বলতে পারলেন না সেটা হল, ওয়ার্কলোড ম্যানেজমেন্টের নামেই স্টার্ককে দলের বাইরে রাখা হবে। তাঁর জায়গায় খুব সম্ভবত খেলানো হতে পারে দুষ্মন্থ চামিরাকে। এদিন তিনি বেশ অনেকটা সময়ই নিজেকে ঝালিয়ে নেন। সে কারণে ধরেই নেওয়া হচ্ছে পঞ্জাব কিংসের বিরুদ্ধে প্রথম দলে দেখা যাবে তাঁকেই। এদিন সবাই অনুশীলনে এলেও ছিলেন না আন্দ্রে রাসেল। তবে তাঁর না খেলার কোনও কারণ নেই। রমনদীপ বলছিলেন, ‘‘আমরা সবাই জানি তিনি একজন লিজেন্ড। সময় বলে একটা জিনিস আছে। সেটার উপর সব কিছু নির্ভর করে। সময় সবার আসবে।’’
কলকাতার প্রবল গরমে বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত নাইটদের অনুশীলন করার কথা থাকলেও ৭টা বাজতেই মাঠ ছাড়ল দল। নেটে অনেকটা সময় ব্যাট করতে দেখা গেল রিঙ্কু সিং, অঙ্গকৃশ, সুনীল নারিনদের। কেকেআর ব্যাটিংয়ের অনেকটাই নির্ভর করছে তাঁদের উপর। যদিও অনেক আশা জাগিয়ে গত কয়েক ম্যাচে হতাশ করেছেন অঙ্গকৃশ। তাঁর জন্য এই ম্যাচে ঘুরে দাঁড়ানোটা জরুরী। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিং নিয়েও ভাবতে হচ্ছে কলকাতা টিম ম্যানেজমেন্টকে। মিডল অর্ডার ও লোয়ার ডাউনে ধারবাহিকতার অভাব রয়েছে। সুনীল নারিন ও ফিল সল্ট এক সঙ্গে খেলতে না পারলে সমস্যায় পড়ে যায় কেকেআর ব্যাটিং।
যদিও গত ম্যাচে হাফ সেঞ্চুরি হাঁকিয়ে ফর্মে ফিরেছেন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। তাঁর উপর অনেকটাই নির্ভর করতে হবে দলকে। গত ম্যাচে কঠিন সময়ে দলের হাল ধরেছিলেন তিনি। তবে এদিন ফিজিওকে সঙ্গে নিয়ে কিছুটা ফিজিক্যাল ট্রেনিং ছাড়া আর কিছুই করতে দেখা গেল না তাঁকে। তাহলে কি তাঁর ফিটনেস সমস্যা রয়েছে? যদিও রমনদীপ বলে গেলেন, ‘‘সকলেই ফিট রয়েছে খেলার জন্য।’’ অন্যদিকে এখনও নীতিশ রানার ম্যাচে ফেরা সম্পর্কে কিছু জানা যায়নি। তিনি যে এখনও ম্যাচ ফিট নন তা স্পষ্ট। কারণ পুরো সময়টা মাঠে থাকলেও অনুশীলন করলেন না। অনেকটা সময়ই কাটালেন মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে। মাঠও ছাড়লেন তাঁরই সঙ্গে। এই ম্যাচেও তাঁর ফেরা হচ্ছে না ধরে নেওয়াই যায়।
অন্যদিকে, পঞ্জাব কিংস পাচ্ছে না তাঁদের অধিনায়ক শিখর ধাওয়ানকে। এদিন পঞ্জাবের হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দলের স্পিন বোলিং কোচ সুনীল জোশী। তিনি জানিয়ে দিলেন, এই ম্যাচে খেলা হচ্ছে না ধাওয়ানের। তবে পরের ম্যাচেই ফিরবেন তিনি। যদিও তাঁর দল টানা চার ম্যাচ হেরে কলকাতার বিরুদ্ধে নামছে। আলাদা করে কলকাতার কোনও শক্তিতে সমীহ না করলেও ঘরের মাঠে খেলাটাকে কলকাতার সদর্থক দিক বলে অভিহিত করলেন।
দুই দলের দুই বলিউড তারকা মালিক শুক্রবার থাকবেন মাঠে। এক সময়ের সফল জুটি ক্রিকেটের মাঠে একে অপরের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে অবশ্যই নিজেদের সব অস্ত্রে শান দিয়ে নিয়েছেন। যার প্রভাব অবশ্যই দেখা যাবে খেলার মাঠে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
