অলস্পোর্ট ডেস্ক: টিম ইন্ডিয়া এবং গৌতম গম্ভীরের জন্য ২০২৫ সাল ছিল মিশ্র ফলাফলের। ভারত এশিয়া কাপ (টি-টোয়েন্টি) এবং চ্যাম্পিয়ন্স ট্রফি (ওয়ানডে) জিতলেও, তারা বর্ডার-গাভাস্কার ট্রফি এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের মতো বড় দ্বিপাক্ষিক টেস্ট সিরিজেও পরাজয়ের সম্মুখীন হয়েছে। প্রোটিয়ারা ঘরের মাঠে ভারতকে ২-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে। এর আগে ২০২৪-এ গৌতম গম্ভীরের কোচিংয়ে ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরেছিল। লাল বলের ফর্ম্যাটে এই পরাজয়গুলো টেস্ট কোচ হিসেবে গম্ভীরের বিশ্বাসযোগ্যতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে। এরই মধ্যে, পিটিআই সংবাদ সংস্থার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, গত মাসে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারতের শোচনীয় আত্মসমর্পণের পরপরই, ক্রিকেট বোর্ডের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ভিভিএস লক্ষ্মণের সঙ্গে যোগাযোগ করে জানতে চেয়েছিলেন যে তিনি লাল বলের দলের কোচিং করাতে আগ্রহী কিনা পবলে জানা গিয়েছে।
প্রতিবেদনটিতে আরও বলা হয়েছে, জানা গিয়েছে যে, এই কিংবদন্তি প্রাক্তন ব্যাটসম্যান বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে ‘হেড অফ ক্রিকেট’ হিসেবেই খুশি বলে জানিয়েছেন। তবে একটি সূত্র স্পষ্ট করে দিয়েছে যে, ২০২৭ সালের বিশ্বকাপ পর্যন্ত গম্ভীরের চাকরী পাকা।
তবে বিসিসিআই-এর একজন সিনিয়র কর্মকর্তা আবার বলেছেন, তাঁরা ভিভিএস লক্ষ্মণের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বা অনানুষ্ঠানিকভাবে কোনও কথাই বলেননি। এবং বিসিসিআই-এর গৌতম গম্ভীরের ওপর সম্পূর্ণ আস্থা রয়েছে এবং এই বিষয়ে কোনও আলোচনা হয়নি।”
তবে, ভারতীয় ক্রিকেটে কখন কী সিদ্ধান্ত নেওয়া হবে, তা কেউ ভবিষ্যদ্বাণী করতে পারে না। টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে সহ-অধিনায়ক শুভমান গিলকে বিশ্বকাপ দল থেকে বাদ দেওয়া হতে পারে, তা কে ভেবেছিল?
প্রতিবেদন অনুসারে, গম্ভীরের সঙ্গে বিসিসিআই-এর চুক্তি ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত থাকলেও, পাঁচ সপ্তাহ পর শুরু হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই চুক্তি পুনর্বিবেচনা করার সম্ভাবনা রয়েছে।
জানা গিয়েছে যে, বিসিসিআই-এর অন্দরমহলে এখনও এই বিষয়ে সিদ্ধান্ত হয়নি যে, ২০২৫-২৭ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের বাকি ন’টি টেস্টের জন্য লাল বলের দলের নেতৃত্বে গম্ভীর সঠিক ব্যক্তি কিনা।
ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-২ ড্র করার পর, ভারত অগস্ট ২০২৬-এ শ্রীলঙ্কার বিপক্ষে দু’টি টেস্ট এবং অক্টোবরে নিউজিল্যান্ড সফরে আরও দু’টি টেস্ট খেলবে, এবং এরপর জানুয়ারি-ফেব্রুয়ারি ২০২৭-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ঘরের মাঠে খেলবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
