অলস্পোর্ট ডেস্ক: মহম্মদ আমির ২০২০-তে পাকিস্তান ছেড়ে ইংল্যান্ডে চলে যান। গত তিন বছর ওখানেই রয়েছেন তিনি। সব ঠিক থাকলে আর এক বছরের মধ্যে ব্রিটিশ পাসপোর্ট পেয়ে যাবেন এই প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার।
পেসার মহম্মদ আমির ২০১৬-তে ব্রিটিশ নাগরিক এবং ওখানকার আইনজীবী নারজিস খানকে বিয়ে করেন। এরপর আমির পাকাপাকিভাবে থাকতে শুরু করেন ইংল্যান্ডে। সব ঠিক থাকলে আগামী বছর তিনি পেয়ে যাবেন ব্রিটিশ পাসপোর্ট।
পাকিস্তানি খেলোয়াড়দের আইপিএল-এ খেলার জন্য অনুমতি দেওয়া হয় না। ইংল্যান্ডের নাগরিক হওয়ার পর আমিরের কাছে একটা সুযোগ থাকছে আইপিএল খেলার। কিন্তু প্রশ্ন হল প্রাক্তন পাকিস্তানি এই পেসার নিজে খেলতে চাইবেন কিনা ভারতের এই লিগ। এই নিয়ে তিনি এখনও কিছু জানাননি।
আমির এক সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘‘আমার ব্রিটিশ পাসপোর্ট পেতে এখনও এক বছর হাতে সময় রয়েছে। জানি না এক বছর পর কী হবে। আমি সবসময় সামনের দিকে তাকাতে ভালবাসি। কোনও এক জায়গায় থাকি না। জানি না এক বছর পর আমি কোথায় থাকব। কেউ বলতে পারে না ভবিষ্যতে কী হবে। তবে পাসপোর্ট পেলে অবশ্যই আমি সেই সুযোগ কাজে লাগাব।’’
২০০৮-এ আইপিএল-এর প্রথম বছর পাকিস্তানের খেলোয়াড়রা অংশগ্রহণ করেছিলেন। কিন্তু সেটাই ছিল তাঁদের জন্য শেষ বছর। এরপর দুই দেশের রাজনৈতিক সমস্যার কারণে তাঁদের আর খেলা হয়নি আইপিএল। পাকিস্তান পেসার এও জানান যে তিনি কখনওই ইংল্যান্ডের হয়ে খেলবেন না। তিনি বলেন, ‘‘আমি পাকিস্তানের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছি। পাসপোর্ট পেলেও ও আমি ইংল্যান্ডের হয়ে খেলব না।’’
আমির এর আগেও পাকিস্তানের হয়ে খেলার জন্য উৎসাহ প্রকাশ করেছিলেন। তিনি আরও বলেন,‘‘যদি আল্লা চান আমি পাকিস্তানের হয়ে আবার খেলব। পিসিবির সভাপতি আমার জন্য দরজা বন্ধ করে দিলেও আমি সুযোগ পেলে আবার খেলব পাকিস্তানের হয়ে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
