ছবি: সিএবি
অলস্পোর্ট ডেস্ক: সত্যি কেন যে ক্রিকেটকে অনিশ্চয়তার খেলা বলা হয়, তা মঙ্গলবার হাড়ে হাড়ে প্রমাণ পেল বাংলা ক্রিকেট দল। যেখানে দিনের শেষে রনজি ট্রফি এলিট গ্রুপের সেমিফাইনাল জয় পকেটে পুরে ফাইনাল খেলার ভাবনা চিন্তা শুরু করার কথা ছিল বাংলা ক্রিকেটারদের, সেখানে বুধবার দ্বিতীয় ইনিংসে জন্মু ও কাশ্মীরের ৮ উইকেট ৮২ রানের মধ্যে তুলে নিতে না পারলে তাদের ফাইনাল খেলার স্বপ্ন অধরা থেকে যাবে।
আত্মতুষ্টি কিনা বলা মুশকিল, তবে অমনযোগিতার অভাবের কারণে বাংলার এই অবস্থা বলল ভুল হবে না। বাংলার প্রথম ইনিংসের ৩২৮ রানের জবাবে জম্মু ও কাশ্মীরের প্রথম ইনিংস ৩০২ রান শেষ হয়। বাংলাকে প্রথম ইনিংসে ২৬ রানের লিড এনে দেওয়ার মূল কারীগর পেসার মহম্মদ শামি। তিনটি মেডেন সহ ২২.১ ওভারে ৯০ রানের বিনিময়ে ৮ উইকেট তুলে নেন তিনি। বাকি ২ উইকেট পান মুকেশ কুমার।
মনে হয়েছিল, প্রথম ইনিংসে ২৬ রানের লিড থাকায় দ্বিতীয় ইনিংসে জমাট ব্যাটিংয়ে বাংলা নিজেদের জয় সুনিশ্চিত করবে। লিড বাড়িয়ে নিয়ে ম্যাচ জম্মু ও কাশ্মীরের ধরা ছোঁয়ার বাইরে নিয়ে চলে যাবে। কিন্তু হল উল্টো। বাংলার দ্বিতীয় ইনিংস অবিশ্বাস্যভাবে গুটিয়ে যায় মাত্র ৯৯ রানে। শাহবাদ আমেদের ব্যাটে আসে সর্বাধিক ২৪ রান। জম্মু ও কাশ্মীরের আকিব নবি ৩৬ রান দিয়ে ও সুনীল কুমার ২৭ রান দিয়ে ৪টি করে উইকেট নিয়ে বাংলা শিবিরে ধ্বস নামিয়ে দেন। ২৯ রান দিয়ে ২ উইকেট নেন ওয়াই সিং।
ফাইনালে উঠতে গেলে জম্মু ও কাশ্মীরের দ্বিতীয় ইনিংস ১২৫ রানে শেষ করতেই হবে বাংলাকে, এই অবস্থায় মঙ্গলবার দিনের শেষে জম্মু ও কাশ্মীরের ২ উইকেট দখল করতে পেরেছে ৪৩ রানের বিনিময়ে। জম্মু ও কাশ্মীরের পুন্ডির ২৩ ও ভি শর্মা ৯ রানে অপরাজিত আছেন। বাংলার আকাশদীপ ১২ রান দিয়ে ২ উইকেট নিয়ে ফাইনালে ওঠার আশার আলো জাগিয়ে রেখেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
