মহম্মদ সিরাজ
অলস্পোর্ট ডেস্ক: এক নয়, দুই নয়, পুরো আট ধাপ উঠে আইসিসি ওডিআই বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে পৌঁছে গেলেন ভারতীয় স্পিডস্টার মহম্মদ সিরাজ। এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরাজের ৬/২১-এর দুর্দান্ত স্পেল তাঁকে পুনরায় শীর্ষতালিকায় ফেরাতে সাহায্য করল, যা তিনি চলতি বছরের মার্চে যোশ হেজেলউডের কাছে হারিয়েছিলেন। এশিয়া কাপে সিরাজ মোট ১০ উইকেটের সঙ্গে ১২.২ গড় নিয়ে টুর্নামেন্টটি শেষ করেন।
ওডিআই র্যাঙ্কিংয়ে সিরাজ শুধুমাত্র হেজেলউডকেই নয়, রশিদ খান, ট্রেন্ট বোল্ট ও মিচেল স্টার্কের মতো বোলারদেরও পিছনে ফেলেছেন তিনি। আফগান স্পিন জুটি মুজিব উর রহমান এবং রশিদ খানও র্যাঙ্কিংয়ে এগোলেন। প্রথম দশের মধ্যে যথাক্রমে চার ও পাঁচ নম্বরে নিজেদের জায়গা পাকা করেছেন তাঁরা।
এছাড়া, দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজ সদ্য চোট সারিয়ে দলে ফিরেছেন। তিনিও ওডিআই তালিকাতে দারুণ কামব্যাক করেছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রোটিয়াদের পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে এই বাঁহাতি স্পিনার ৪/৩৩ এর অসাধারণ স্পেলে নিজের প্রত্যাবর্তনের জানান দিয়েছেন। বর্তমানে তিনি ওডিআই র্যাঙ্কিংয়ে ১৫ নম্বরে রয়েছেন।
আইসিসি ওডিআই ব্যাটিং র্যাঙ্কিংয়েও বেশ কিছু পরিবর্তন দেখা গিয়েছে। দক্ষিণ আফ্রিকার এনরিচ ক্লাসেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চতুর্থ ওয়ানডেতে সর্বকালের সেরা ওডিআই পারফর্মেন্স দিয়েছেন।
কেউ কোনও ওডিআই ইনিংসে এর আগে এত বেশি স্ট্রাইক-রেট রাখতে পারেননি, যা ক্লাসেন করে দেখিয়েছেন। ২০৯.৬৪ স্ট্রাইক-রেটে ১৬৪ রানে জয় এনে দিয়েছেন তিনি দক্ষিণ আফ্রিকাকে। তাঁর এই দুর্দান্ত ইনিংস তাঁকে ওডিআই র্যাঙ্কিংয়ে ৩৯ থেকে একেবারে নবম স্থানে পৌঁছে দিয়েছে।
ডেভিড মালান নিউজিল্যান্ডের বিরুদ্ধে ইংল্যান্ডের ওডিআই সিরিজেদারুণ ফর্মে ছিলেন। ৯২.৩৩ গড়ে এবং ১০৫.৭২ স্ট্রাইক রেটে ২৭৭ রান করে সিরিজের সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। এখন তিনি ওডিআই র্যাঙ্কিংয়ের ১৩তম স্থানে রয়েছেন।
এছাড়া ব্যাটারদের তালিকায় প্রথম দশের মধ্যে রয়েছেন একাধিক ভারতীয় ব্যাটাররা। এশিয়া কাপে ভাল পারফর্ম করে আট নম্বরে রয়েছেন বিরাট কোহলি এবং দশম স্থানে রোহিত শর্মা। দ্বিতীয় স্থানে ভারতীয় ওপেনার শুভমন গিল। এবং ছ’নম্বরে রয়েছেন ভারতের সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
