Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের ইতিহাসে মুম্বই ইন্ডিয়ান্সের সাফল্যের ক্ষেত্রে যে হার্দিক পান্ডিয়া, কায়রন পোলার্ডরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, তাঁরা দলে নেই। তাঁদের জায়গায় একাধিক তরুণ দলে সুযোগ পেয়েছেন। সেই পরিস্থিতিতে সিনিয়র ব্যাটার হিসেবে রোহিত শর্মা, সূর্যকুমার যাদবদের যে দায়িত্বটা পালন করার দরকার ছিল, সেটা তাঁরা করতে পারছেন না। তার জেরে আইপিএলের প্রথম দুটি ম্যাচেই হারতে হয়েছে মুম্বইকে। যে বিষয়টি স্বীকার করে নিলেন মুম্বইয়ের অধিনায়ক রোহিত। তিনি জানালেন, ব্যাট হাতে সিনিয়রদের নড়েচড়ে বসতে হবে। যে কাজটা তাঁকেই প্রথমে করতে হবে বলে জানালেন রোহিত।

 চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে সাত উইকেটে হারের পর রোহিত বলেন, ‘সিনিয়র খেলোয়াড়ের এগিয়ে আসতে হবে। অবশ্যই সেটা আমায় দিয়ে শুরু করতে হবে। আমরা আইপিএলের খেলার ধরন জানি। যখন টুর্নামেন্ট শুরু হয়, তখন নিজেদের কিছুটা ছন্দ পেতে হয়। নাহলে পুরো বিষয়টা অত্যন্ত কঠিন হয়ে যায়। আমরা সেই ছন্দ পাওয়ার চেষ্টা করছি। তবে এখন স্রেফ দুটি ম্যাচ হয়েছে। সবকিছু শেষ হয়ে যায়নি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের দলের সিনিয়র ক্রিকেটারদের এগিয়ে আসতে হবে।’

রোহিত আরও বলেন, ‘আমরা অনেক কিছু জিনিস শুধরে নিতে চাই। আমরা যে বিষয়গুলি নিয়ে ড্রেসিংরুমে আলোচনা করেছি, সেগুলি মাঠে কাজে লাগাতে পারছি না। সেইসব বিষয়গুলি আমাদের ঠিক করতে হবে।’ তারইমধ্যে নিজেকে কিছুটা আশার আলো দেখানোর চেষ্টা করে রোহিত বলেন, ‘এই দুটি ম্যাচ এখন হয়ে গিয়েছে। এটার ফলাফল আমরা পালটাতে পারব না। আমাদের শিখতে হবে এবং মাঠে বিভিন্ন জিনিস কার্যকর করার ক্ষেত্রে সাহসী হতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *