অলস্পোর্ট ডেস্ক: ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে নির্বাসনের মুখে পড়লেন আরসিবির প্রাক্তন পেসার রাজন কুমার। নাডার তরফে প্রাথমিক পর্যায়ে এই শাস্তির কথা ঘোষণা করা হয়েছে। রাজনের ডোপ পরীক্ষায় তিনটি নিষিদ্ধ পদার্থ মিলেছে। উত্তরাখন্ডের এই বাঁহাতি পেসার ২০২৫ সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তাঁর রাজ্যের হয়ে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন। রাজনের এই ঘটনা ভারতীয় ক্রিকেট মহলকে বেশ ভালরকম নড়িয়ে দিয়েছে। বড়সড় ধাক্কা বললেও ভুল হবে না।
ন্যাশানাল অ্যান্টি ডোপিং এজেন্সির তরফে জানানো হয়েছে, ২৯ বছর বয়সী রাজনের নমুনায় ড্রোস্টানোলোন, মেটেনোলোন, ও ক্লোমিফেন নামক তিনটি নিষিদ্ধ ড্রাগ মিলেছে। প্রথম দুটি হল অ্যানাবলিক স্টেরয়েড, যা পেশির শক্তি বাড়াতে সাহায্য করে। আর তিন নম্বর ড্রাগটা পুরুষ অ্যাথলিটরা টেস্টোস্টেরন লেভেল নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়। যেটাকে অপপ্রয়োগ বলেই মনে করছে নাডা। ভারতীয় ক্রিকেটে এই ধরনের ঘটনা ও ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার ঘটনা বিরল। তাই এটা নিয়ে ভারতীয় ক্রিকেট প্রশাসন নড়েচড়ে বসেছে।
সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে ২০২৫ সালের ৮ ডিসেম্বর আমেদাবাদে দিল্লির বিরুদ্ধে শেষবার উত্তরাখন্ডের হয়ে খেলেছিলেন রাজন কুমার। নাডার নির্দেশ আসার পর এখনও পর্যন্ত কোনওরকম মুখ খোলেননি বা সরকারি কোনও বিবৃতি দেননি রাজন। এমনকি তিনি বি স্যাম্পেল টেস্ট করার জন্য কোনও আবেদনও করেননি প্রথম টেস্টের ফলকে চ্যালেঞ্জ জানিয়ে।
রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৭০ লাখ টাকা দিয়ে রাজন কুমারকে নিয়েছিল আইপিএল ২০২৩ মরশুমে। ২০২৪ মরশুমেও দলে রাখে। তবে রাজনের আইপিএল অভিষেক এখনও হয়নি। হরিয়ানাজাত পেসার রাজন ২০২৫ মুস্তাক আলি ট্রফিতে উত্তরাখন্ডের হয়ে ৭ ম্যাচে ১৩ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। টি২০ ক্রিকেটে ২৬ ম্যাচে রাজনের সংগ্রহ ৩২ উইকেট। ৯টি লিস্ট এ গেমসে রাজন নেন ১৪ উইকেট। ঘরোয়া ক্রিকেটে তাঁর এই চমকপ্রদ সাফল্য প্রাপ্তির মাঝে ডোপ পরীক্ষায় ব্যর্থ হয়ে নির্বাসনের মুখে পড়াটা কেরিয়ার জীবনে দাঁড়ি পড়ে যাওয়ার আশঙ্কা থাকছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
