Photo Courtesy: SKY SPORTS
অলস্পোর্ট ডেস্ক: অস্ট্রেলিয়ার কাছে অ্যাশেজ সিরিজে ১-৪ ফলে ইংল্যান্ডের গোহারা হারের পর রাগ ধরে রাখতে পারেননি ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসির হুসেন। ইংল্যান্ডের চিফ কোচ ব্রেন্ডন ম্যাকালামকে সামনে পেয়ে রীতিমতো তুলোধোনা করেছেন ‘বাজবল’ পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলে। অ্যাসেজ সিরিজে ব্রেন্ডন ম্যাকালাম ও তাঁর বাজবল স্ট্র্যাটেজি কড়া সমালোচনার মুখে পড়েছে। ইংল্যান্ডের শোচনীয় ব্যর্থতার জন্য নাসির ম্যাকালামের দিকেই আঙুল তুলেছেন।
ইংল্যান্ড পরপরল দুটি টেস্ট সিরিজ ব্যর্থ হয়েছে। ঘরের মাঠে ভারতের সঙ্গে ২-২ ফলে সিরিজ ড্র করেছিল। আর এবার অস্ট্রেলিয়ার কাছে হার, তাও পরপর চারটি অ্যাসেজ সিরিজ খোয়াতে হল। সাক্ষাতকার নেওয়ার সময় ইংল্যান্ডের চিফ কোচ ব্রেন্ডন ম্যাকালামকে প্রশ্নটা করেই ফেলেন নাসির, ‘ তুমি কি নিজেকে পরিবর্তন করবে, নাকি এটাই ব্রেন্ডন ম্যাকালাম দর্শন? তুমি কি তোমার পদ্ধতি বদলাবে, নাকি এভাবেই খেলা চালিয়ে যাবে?’
ম্যাকলাম প্রশ্নটা খুব ভালভাবে নেননি। তাঁর প্রতিক্রিয়া, ‘ এইভাবে বিষয়টা দেখা বা বলা ঠিক নয়। আমার নিজের পদ্ধতির ওপর যথেষ্ট বিশ্বাস আছে। তবে আবার একরকমের ভাবনায় আটকে থাকব এমন নয়। যখন দলের দায়িত্ব নিয়ে এগোতে হয়, তখন খোলোয়াড়, সাপোর্ট স্টাফ, টিম ম্যানেজমেন্টেরও আস্থা রাখা জরুরি। অন্ধের মতো যেমন একটা ধারনা নিয়ে এগোলে চলবে না। যেটা বিশ্বাস করি, সেটা মেনেই চলেছি। যে পদ্ধতি নিয়ে খেলার চেষ্টা হয়েছে, তার ভাল মন্দ দুটো দিকই আছে। সবটা কাজে আসেনি। নতুন করে ভাবনা চিন্তা করতে হবে দলের স্বার্থে।’
আসলে ইংল্যান্ডের হারের জন্য দলের ব্যাটারদের অনিয়ন্ত্রিত, দায়িত্বজ্ঞানহীন শট মারা নিয়ে সমালোচনা তীব্র আকার নিয়েছে ক্রিকেট বিশেষজ্ঞ মহলে। বিশেষ করে হ্যারি ব্রুক ও জেমি স্মিথের ব্যাটিং নিয়ে অনেকেই অখুশি। তবে কোচ ব্রেন্ডন ম্যাকালাম পাশে দাঁড়িয়েছেন দলের সহ অধিনায়ক হ্যারি ব্রুকের। তিনি নাসির হুসেনকে মনে করিয়েছেন ব্রুকের পরিসংখ্যান। বলেছেন,‘ ভুললে চলবে না। হ্যারির শুরুর দিকে টেস্ট ক্রিকেট গড় ৫৫। আর ও এভাবেই প্রতি ম্যাচ খেলে। ও প্রতিভাবান। বোলারদের শুরু থেকেই আক্রমণ করে তাদের লেংথ গুলিয়ে দিতে। এমনকি ভাল বলকেও বশ মানায় অনায়াসে। তাতে রান করে। ওর আউট হওয়ার ধরন নিয়ে যে কথা বলা হচ্ছে, সেটা ওর দক্ষতার প্রতি সুবিছার নয়। এখনও বলছি টেস্ট ক্রিকেট ৫৫ গড় কম কথা নয়। বিশ্বমানের উঁচুর দিকের। ওর বয়স মাত্র ২৬। এখনও ওর ক্রিকেট জীবনের সেরা দেওয়ার দিন পড়ে আছে। আর আমি মনে করি সেটা ও দেখাবে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
