Cart Total Items (0)

Cart

All Sports
কেন উইলিয়ামসন

অলস্পোর্ট ডেস্ক: এ এক অভিনব উদ্যোগ নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের। আইসিসি ওডিআই বিশ্বকাপের মতো মঞ্চেও যে এভাবে দল ঘোষণা করা যায় সেটা ক্রিকেট নিউজিল্যান্ড বুঝিয়ে দিল। দলের প্লেয়ারদের নাম ঘোষণা করলেন প্লেয়ারদের পরিবারের লোকজন। কারও স্ত্রী, কারও মা তো কারও ঠাকুমা আবার কারও ছেলে-মেয়েরা। ৫ অক্টোবর থেকে ভারতে শুরু হতে চলেছে আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০২৩ । তারই দল ঘোষণা করল নিউজিল্যান্ড। বিশ্বকাপ দিয়েই চোটের পর আবার দলে ফিরছেন অধিনায়ক ব্যাটার কেন উইলিয়ামসন।

২০১৯-এ ভাল ফর্মে থাকলেও জিততে পারেনি নিউজিল্যান্ড। তাই এবছর শুরু থেকেই ভাল খেলতে চায় নিউজিল্যান্ড। সোমবার অকল্যান্ডের পাপাটোয়েটা হাই স্কুলে ১৫জন ক্রিকেটারদের নাম ঘোষণা করল নিউজিল্যান্ড।

৩০ বছর বয়সী অধিনায়ক কেন উইলিয়ামসন নিউজিল্যান্ড দলে ফিরে এসেছেন। ২০২৩-এ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে চোট পেয়ে মাঠের বাইরে চলে গিয়েছিলেন তিনি। কিন্তু দ্রুতই তিনি সুস্থ হয়ে ফিরে এসেছেন নিউজিল্যান্ড দলে। কেন উইলিয়ামসন এবং টিম সাউদি দু’জনেই তাঁদের চতুর্থবার বিশ্বকাপ খেলার জন্য দলে জায়গা করে নিয়েছেন।

দু’টি সাদা বলের ফর্ম্যাটে মার্ক চ্যাপম্যানের অসাধারণ পার্ফর্ম্যান্সের কারণে তিনি জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড দলে। মার্কের সঙ্গে ২৩ বছরের স্পিন বোলার অলরাউন্ডার রচীন রবীন্দ্রও জায়গা করে নিয়েছেন নিউজিল্যান্ড দলে। শুক্রবার ওডিআইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪৮ রান দিয়ে তিন উইকেট তুলে নেওয়ার পর দলে তাঁর স্থান সুনিশ্চিত করেছেন।  

তরুণ টপ অর্ডার ব্যাটার ফিন অ্যালেন বা ব্যাক-আপ উইকেট-রক্ষক টিম সেফার্টের জন্য দলে কোনও জায়গা হয়নি। ব্ল্যাক ক্যাপস টম ল্যাথামকে দলে একমাত্র উইকেট-রক্ষক হিসাবে বেছে নেওয়া হয়েছে। সম্প্রতি ইংল্যান্ড সফরে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অ্যাডাম মিলনেও দল থেকে বাদ পড়েছেন।

নিউজিল্যান্ডের কোচ গ্যারি স্টেড স্বীকার করে নিয়েছেন যে দল বেছে নেওয়ার জন্য তাঁকে বেশ কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে ভারতে বিশ্বকাপ খেলার জন্য তিনি তাঁর দলে তরুণ এবং অভিজ্ঞদের যথাযথ সংমিশ্রণ রাখার চেষ্টা করেছেন।

তিনি বলেন, ‘‘দলের নাম ঘোষণা করা সবসময়ই একটা বিশেষ মুহূর্ত। আমি ১৫জন ক্রিকেটারদের অভিনন্দন জানাই যারা বিশ্বকাপ দলে জায়গা করে নিয়েছে। নিজের দেশের বিশ্বকাপে প্রতিনিধিত্ব করা সত্যিই সম্মানের।’’

তিনি আরও বলেন, ‘‘কেন এবং টিম দু’জনেই এই নিয়ে চতুর্থবার বিশ্বকাপ খেলবে। সেই সঙ্গে কয়েকজন ক্রিকেটার প্রথমবারের জন্য বিশ্বকাপ খেলবে। এটা সত্যিই দলের জন্য খুবই উত্তেজনার। যে কোনও দলেই কিছু খারাপ প্লেয়ার থাকে তাঁদের মধ্যে থেকেই আমাদের ভাল দল গড়ে নিতে হয়।’’

নিউজিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফারগুসন, ম্যাট হেনরি, টম লাথাম, ডেরেল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপ্স, রাচিন রবীন্দ্র, মিচেল সাঁতনার, ইশ সোধি, টিম সাউদি, উইল ইয়ং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *