নীতিশ রানা। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ চোটের বহর কেকেআরে। অধিনায়ক শ্রেয়স আইয়ার চোটের জন্য পুরো আইপিএলের বাইরে থাকতে পারেন।হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে অনিশ্চিত লকি ফার্গুসন। এবার অনুশীলন করতে গিয়ে চোট পেলেন নীতিশ রানা। জানা যাচ্ছে থ্রো ডাউন অনুশীলনের সময় তিনি এই চোট পান।
নেটে নিজের নির্ধারিত সময়ে ব্যাটিং করার পর নীতিশ থ্রো ডাউনে ব্যাট করতে যান। সেই সময়ে একটি থ্রো তাঁর বাম পায়ের দিকে আসে। সেটাকে খেলতে গিয়ে তিনি বাম গোড়ালিতে চোট পান। মাঠেই তাঁর শুশ্রুষা করা হয়। প্রায় পাঁচ মিনিট তিনি মাঠে শুয়েছিলেন। পরে তিনি উঠে মাঠের পাশে চলে যান। দলের বাকি সদস্যরা অনুশীলন করলেও নীতীশ রানা অনুশীলন করেননি।
দল সূত্রে খবর, চোট গুরুতর নয়। লকি ফার্গুসনের বাদ পড়ার পর নীতীশ রানার এই খবরে বেশ চিন্তায় পড়েছে নাইট শিবির। লকি ফার্গুসন আইপিএলের প্রথম সপ্তাহ মাঠের বাইরে থাকবেন। অন্যদিকে শ্রেয়স আইয়ার অস্ত্রোপচার করালে তিনি আইপিএলের পুরো মরশুম মাঠের বাইরে থাকবেন। নীতীশ রানাকে অধিনায়কের জন্য ভাবা হয়েছে। অন্যদিকে আন্দ্রে রাসেল ও সুনীল নারিনও রয়েছেন দৌড়ে। এই সময় নীতীশের চোট বেশ চিন্তার।
