Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: শুভমান গিলের নেতৃত্বে, টিম ইন্ডিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম ও শেষ টেস্টে ওভালে ঐতিহাসিক জয় তুলে নিয়ে সিরিজ ড্র করে দেশে ফিরেছে। মহম্মদ সিরাজ ৯ উইকেট নিয়ে ভারতকে ছয় রানে ম্যাচ জেতাতে মুখ্য ভূমিকা নেন এবং পাঁচ ম্যাচের সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়। সিরিজে একটি স্মরণীয় ড্র করার পরেও, টিম ইন্ডিয়া বেশ কয়েকটি নিয়েই দেশে ফিরেছে। সবচেয়ে বড় ধাক্কা অবশ্যই ঋষভ পন্থের চোট, যার পায়ের আঙুল ভেঙে যায় চতুর্থ টেস্টের সময় এবং তিনি পঞ্চম টেস্ট থেকে ছিটকে যান। তিনি ছাড়াও, নীতিশ কুমার রেড্ডি, অর্শদীপ সিং এবং আকাশ দীপও চোটের শিকার হন।

তবে, সিরিজ চলাকালীন একটি চোট যা প্রকাশ্যে আসেনি তা হল ব্যাটসম্যান করুণ নায়ারের। টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদন অনুসারে, পঞ্চম টেস্টের দ্বিতীয় ইনিংসে উঁচু হয়ে আসা একটি বলকে আটকানোর সময় মিডল অর্ডার ব্যাটসম্যানের আঙুলে একটি ছোট ফ্র্যাকচার হয়।

যার ফলে নায়ার আপাতত সেন্ট্রাল জোনের হয়ে আসন্ন দলীপ ট্রফি খেলতে পারবেন না। চার পরই তাঁর চোটের কথা সামনে এসেছে। দলীপ ট্রফি ২০২৫-এর প্রথম ম্যাচটি ২৮ অগস্ট থেকে নর্থ জোন এবং ইস্ট জোনের মধ্যে হবে।

আট বছর বিরতির পর জাতীয় দলে ফিরে আসা নায়ার ইংল্যান্ডে বড় কিছু করতে পারেননি। চারটি ম্যাচে তিনি মাত্র ২০৫ রান করেছিলেন, যার মধ্যে একটি হাফসেঞ্চুরিও ছিল।

জুলাইয়ের শুরুতে, বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন তাঁকে অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার পর আসন্ন ঘরোয়া মরসুমে তিন বছরের বিরতির পর কর্ণাটকে ফিরে আসেন তিনি। ২০২৪-২৫ মরসুমে বিদর্ভের শিরোপা জয়ে নায়ার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, ৫৩ গড়ে ৮৬৩ রান করেছিলেন এবং কেরালার বিরুদ্ধে ফাইনালে তিনি একটি সেঞ্চুরিও করেছিলেন।

“গত কয়েক মরসুমে তিনি আমাদের দলের একটি বড় অংশ ছিলেন বলে তাকে বাদ দেওয়া কঠিন। তবে এটি তার সিদ্ধান্ত এবং আমরা এটিকে সম্মান করি এবং এনওসি দেওয়া হয়েছিল। আশা করি, আগামী মরসুমগুলোতে তিনি ভালো করবেন,” ভিসিএ-র একজন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন।

বিদর্ভের সঙ্গে সাফল্যই তাঁকে আট বছর পর ভারতীয় টেস্ট দলে ফিরে আসতেও সাহায্য করেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *