Cart Total Items (0)

Cart

All Sports
ওডিআই বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ পঞ্চম ম্যাচে ধর্মশালায় নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছিল ভারত। ভারতের সামনে ছিল বহুদিন পর কিউইদের হারানোর চ্যালেঞ্জ আর প্রতিপক্ষের সামনে ছিল টানা জয় ধরে রাখার চেষ্টা। পাহাড়ি জায়গায় খেলা হওয়ায় পরের দিকে শিশির পড়ার সঙ্গে সঙ্গে ঠান্ডাও বাড়বে তাই টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলে‌ন রোহিত শর্মা। প্রথমে ব্যাট করতে নেমে শুরুটা খুব ভাল না হলেও ফার্স্ট ও সেকেন্ড ডাউনে নামা রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল নিউজিল্যান্ডকে পবড় রানে নিয়ে যেতে সাহায্য করেন। ৫০ ওভারে নিউজিল্যান্ড থামে ২৭৩ রানে। জবাবে ব্যাট করতে নেমে ৪৮ ওভারে ৬ উইকেটের বিনিময়ে ২৭৪ রান তুলে নেয় ভারত। ১২ বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জিতে জয়ের ধারা ধরে রাখল ভারতীয় ক্রিকেট দল।

এদিন নিউজিল্যান্ড ওপেনার ডেভন কনওয়ে কোনও রান না করেই ফিরে যান। আর এক ওপেনার উইল ইয়ংও ভরসা দিতে পারেননি। তাঁর সংযোজন মাত্র ১৭ রান। মাত্র ১৯ রানে দুই উইকেট চলে যাওয়ার পর নিউজিল্যান্ড ব্যাটিংয়ের হাল ধরতে নামেন রাচিন রবীন্দ্র ও ড্যারেল মিচেল। রাচিনের ব্যাট থেকে আসে ৭৫ রান। তিনি ছ’টি বাউন্ডারি ও একটি ওভার বাউন্ডারি হাঁকান। ২৭৩-এর মধ্যে একাই ১৩০ রান করেন মিচেল। ১২৭ বলে তাঁর এই ইনিংস সাজানো ছিল ন’টি বাউন্ডারি ও পাঁচটি ওভার বাউন্ডারি দিয়ে। এছাড়া আর কেউই রান করতে পারেননি। টম লাথাম ৫, গ্লেন ফিলিপ্স ২৩, মার্ক চ্যাপম্যান ৬, মিচেল সাঁতনার ১, ম্যাট হেনরি ০, লকি ফার্গুসন ১ রান করে আউট হয়ে যান।

এদিন ভারতের হয়ে বল হাতে জ্বলে ওঠেন মহম্মদ শামি। এর আগে বিশ্বকাপের চারটি ম্যাচ খেলে ফেলেছে ভারত। কিন্তু কোনও ম্যাচেই দলে জায়গা পাননি বাংলার এই বোলার। এদিন জায়গা পেতেই জবাব দিলেন দলের নির্বাচকদের। একাই নিলেন পাঁচ উইকেট। এখনও পর্যন্ত এই বিশ্বকাপের ভারতের কেউ পাঁচ উইকেট নেননি এক ইনিংসে। এদিন ১০ ওভার বল করে ৫৪ রান দিয়ে পাঁচ উইকেট তুলে নেন তিনি। এছাড়া দুই উইকেট নেন কুলদীপ যাদব। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ ও মহম্মদ সিরাজ।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের শুরুটাও ভাল হয়নি। ওপেনিং জুটি রোহিত শর্মা ও শুভমান গিল ৭১ রানের ভিত গড়ে দিলেও সেই মঞ্চে বড় রানের ইনিংস খেলতে পারেননি কেউই। রোহিত ৪৬ ও শুভমান ২৬ রান করে আউট হন। তিন ও চার নম্বরে নামা বিরাট কোহলি ও শ্রেয়াস আইয়ার জুটি সাময়িক ভরসা দিলেও তাড়াহুড়ো করে বড় শট নিতে গিয়ে কনওয়ের হাতে ক্যাচ তুলে ৩৩ রান করে আউট হয়ে যান তিনি। বিরাটের সঙ্গে ব্যাট করতে নেমে ২৭ রান করে এলবিডব্লু আউট হয়ে যান লোকেশ রাহুল। ফিল্ড আম্পায়ার নটআউট দিলে রিভিউ নেন নিউজিল্যান্ড অধিনায়ক। তাতেই আউট দেন তৃতীয় আম্পায়ার।

এদিকে বিরাট কোহলির সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে মাত্র ২ রান করে রান আউট হয়ে যান সূর্যকুমার যাদব। বিরাট কোহলি কিছুটা দৌঁড়ে নিজের জায়গায় ফিরে যান। কিন্তু ততক্ষণে সূর্যকুমার পৌঁছে গিয়েছেন বিরাটের এলাকায়। তখন ফেরার চেষ্টা করেও সময় মতো জায়গায় পৌঁছতে পারেননি সূর্যকুমার। অসহায়ভাবে রান আউট হয়ে তাঁকে ফিরতে হল। সেঞ্চুরি এল না বিরাট কোহলিরও। ১০৪ বলে ৯৫ রান করে প্যাভেলিয়নে ফিরলেন তিনি। যদিও ততক্ষণে জয়ের রাস্তা পরিষ্কার হয়ে গিয়েছে ভারতের। শেষ কাজটি করে দিলেন রবীন্দ্র জাডেজা। ৩৯ রানে অপরাজিত থাকলেন। বাউন্ডারি হাঁকিয়ে দলকে চার উইকেটে জয় এনে দিলেন।

নিউজিল্যান্ডের হয়ে দুই উইকেট নেন লকি ফার্গুসন। এক উইকেট নেন ট্রেন্ট বোল্ট, ম্যাচ হেনরি ও মিচেল সাঁতনার। ভারতের ব্যাটিংয়ের মাঝে হঠাৎই স্টেডিয়াম মেঘে ঢেকে যাওয়ায় সাময়িক খেলা বন্ধ করতে হয়। তবে তাতে ওভারের উপর কোনও প্রভাব পড়েনি। জিতেই মাঠ ছাড়ে ভারত। বিশ্বকাপের টানা পাঁচ ম্যাচ জিতে নিলেন রোহিত শর্মারা। সঙ্গে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ বছরের ক্ষরা কাটল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *