অলস্পোর্ট ডেস্ক: ভারতের দুরন্ত ফর্ম অব্যাহত। বুধবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে ফাইনালে ভারতীয় ক্রিকেট দল। যেখানে ব্যাটে ঝড় তূললেন ভারতীয় ব্যাটাররা সেখানে বল হাতে বাজিমাত একাই মহম্মদ শামির। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ওপেন করতে নেমেছিলেন রোহিত শর্মা ও শুভমান গিল। ব্যাট হাতে শুরুটাও দারুণ করে দিয়েছিলেন দুই ওপেনার। কিন্তু ২৯ বলে ৪৭ রান করে আউট হয়ে যান রোহিত। যদিও প্যাভেলিয়নে ফেরার আগে জোড়া রেকর্ডও করে যান। তবে তিনি আউট হওয়ায় থমকে যায়নি ভারতের রানের গতি। ৫০ ওভারে ভারত থামে ৩৯৭-৪-এ।
রোহিত শর্মা আউট হওয়ার পর শুভমানের সঙ্গে ব্যাট করতে নামেন বিরাট কোহলি। বিরাটের সামনে ছিল একগুচ্ছ রেকর্ডের হাতছানি। সেই অবস্থায় ভারতের রানের গতিতে একবারও থমকাতে দেননি তিনি। ৭১ রানে এক উইকেট থেকে ভারতের দ্বিতীয় উইকেট পড়ে ৩২৭ রানে। তার আগে অবশ্য ক্র্যাম্পের জন্য রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছেন শুভমান গিল। তখন তিনি ৭৯ রানে ব্যাট করছিলেন।
তিনি মাঠ ছেড়ে উঠে গেলে বিরাটের সঙ্গে ব্যাট করতে নামেন শ্রেয়াস আইয়ার। এই দু’জনকে কোনওভাবেই থামাতে পারেননি কিউই বোলাররা। ১১৩ বলে ন‘টি বাউন্ডারি ও দু‘টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৭ রান করে আউট হন বিরাট কোহলি। সচিনের ওডিআই সেঞ্চুরির রেকর্ড ভেঙে গ্যালারিতে বসে থাকা সচিনকেই হাঁটু গেড়ে কুর্নিশ জানান তিনি। স্ত্রী অনুষ্কা শর্মার উদ্দেশে ছুঁড়ে দেন ফ্লাইং কিস।
তাঁর দেখানো পথেই হাঁটলেন শ্রেয়াস আইয়ারও। বিশ্বকাপে দারুণ ফর্মে রয়েছেন তিনিও। এদিন ৭০ বলে চারটি বাউন্ডারি ও আটটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১০৫ রানের ইনিংস খেলেন তিনি। পরে শুভমান নামলেও হাতে তখন শুধু পাঁচ বল। তিনি ৬৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। লোকেশ রাহুল ৩৯ রানে অপরাজিত থাকেন। নিউজিল্যান্ডকে জিততে হলে করতে হবে ৩৯৮ রান। বিশ্বকাপের নকআউট পর্বে এটিই সর্বোচ্চ রান। নিউজিল্যান্ডের হয়ে তিন উইকেট নিলেন টিম সাউদি ও এক উইকেট ট্রেন্ট বোল্টের।
রানের পাহাড়ের সামনে নিউজিল্যান্ডের শুরুটা ভাল না হলেও ড্যারেল মিচেল একাই ভারতের উপর চাপ সৃষ্টি করেন। দুই ওপেনার ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্র দু’জনেই ১৩ রান করে আউট হয়ে যান। এখান থেকেই খেলার হাল ধরেন কেন উইলিয়ামসন ও ড্যারেল মিচেল। শেষ পর্যন্ত এই জুটি ভাঙেন মহম্মদ শামি। উইলিয়ামসন ৬৯ রান করে প্যাভেলিয়নে ফেরেন। টম লাথাম ০, গ্লেন ফিলিপস ৪১, মার্ক চ্যাপম্যান ২, মিচেল সাঁতনার ৮, টিম সাউদি ৯, লকিং ফার্গুসন ৬ রান করে আউট হন। একা লড়াই চালিয়ে যান ড্যারেল মিচেল। শেষ পর্যন্ত ১৩৪ রানে তাঁকে ফেরান সেই মহম্মদ শামি।
ভারতের হয়ে বল হাতে আবার সফল মহম্মদ শামি। ৯.৫ ওভারে ৫৭ রান দিয়ে ৭ উইকেট তুলে নেন তিনি। এক বিশ্বকাপে তিনবার পাঁচ উইকেট নেওয়ার কৃতিত্ব শামির ঝুলিতে। একটি করে উইকেট নেন যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদব।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
