অলস্পোর্ট ডেস্ক: পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলেই ইমার্জিং এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে পৌঁছেছিল ভারত এ দল। কিন্তু শেষ সাফল্যটা অধরাই থেকে গেল। চির শত্রু পাকিস্তানের কাছে অসহায় আত্মসমর্পণ করল ভারতের ক্রিকেটাররা। এদিন কলম্বোতে টস জিতে প্রথমে পাকিস্তানকে ব্যাট করতে পাঠিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে রীতিমতো ভারতের সামনে রানের পাহাড় তৈরি করে পাকিস্তানের ব্যাটসম্যানরা। ভারতের সামনে জয়ের জন্য ৩৫৩ রানের লক্ষ্যমাত্রা রাখে। সেই লক্ষ্যে পৌঁছতে ব্যর্থ হয় ভারত। ১২৮ রানে হারের মুখ দেখতে হয় তাদের।
এদিন ব্যাট করতে নেমে প্রথম থেকেই দাপট দেখাতে শুরু করে পাকিস্তান। ওপেনিং জুটিতে আসে ১২১ রান। দুই ওপেনার সাইম আয়ুব ৫৯ ও সাহিবজাদা ফারহান ৬৫ রান করে আউট হন। তিন নম্বরে নেমে ওমেইর ইউসুফ ৩৫ রানের ইনিংস খেলেন। ততক্ষণে অবশ্য বড় রানের লক্ষ্যে ক্রিকেট পৌঁছে গিয়েছেন তায়াব তাহির। ৭১ বলে তাঁর ঝোড়ো ইনিংস ভারতীয় বোলারদের অকেজ করে দেয়। ১০৮ রান করে ১২টি বাউন্ডারি ও চারটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে। এর পর আর কারও বড় রানের দরকারও ছিল না। ৫০ ওভারে পাকিস্তান থামে ৩৫২-৮-এ।
ভারতের হয়ে দু’টি করে উইকেট নেন রাজবর্ধন হাঙ্গারগেকর ও রিয়ান পরাগ। একটি করে উইকেট নেন হর্ষিত রানা, মানব সুথার ও নিশান্ত সিন্ধু। বোলারদের ব্যর্থতার মঞ্চেই ব্যাটারদেরও হতাশাজনক পারফর্মেন্স দেখা যায়। ওপেরান অভিষেক শর্মা ছাড়া আর কেউই হাফসেঞ্চুরির গণ্ডি পার করতে পারেননি। আর এক ওপেনার সাই সুধর্ষণ ২৯, নিকিন জোস ১১, অধিনায়ক যশ ধুল ৩৯। নিশান্ত সিন্ধু ১০, ধ্রুব জুরেল ৯, রিয়ান পরাগ ১৪, হর্ষিত রানা ১৩, রাজবর্ধন ১১ ও যুবরাজ দোদিয়া ৫ রান করে আউট হয়ে যান।
পুরো ৫০ ওভার ব্যাটি তো দূরের কথা তার অনেক আগেই থেমে যায় ভারতের লড়াই। মাত্র ৪০ ওভারেই ২২৪ রান করে অলআউট হয়ে যায় ভারতীয় এ দল। যেভাবে ভারতের বোলারদের অকেজ করে দিয়েছিলেন পাকিস্তান ব্যাটাররা ঠিক সেভাবেই ভারতীয় ব্যাটারদের থামিয়ে দেন পাকিস্তান বোলাররা। পাকিস্তানের হয়ে তিন উইকেট নেন সুফিয়ান মুকিম। দুটো করে উইকেট নেন আর্শাদ ইকবাল, মেহরান মুমতাজ ও মহম্মদ ওয়াসিম। এক উইকেট নেন মুবাসির খান। ম্যাচের সেরা হয়েছেন পাকিস্তানের তায়াব তাহির ও টুর্নামেন্টের সেরা হয়েছেন ভারতের নিশান্ত সিন্ধু। শেষ বেলায় এটাই যা প্রাপ্তি ভারতের।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
