অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ-এ নোপালের বিরুদ্ধে জয় ভারতের বিরুদ্ধে নামার আগে পাকিস্তানের জন্য বড় প্রস্তুতির মঞ্চই ছিল। নেপালকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসটাও বাড়িয়ে নিয়েছেন বাবর আজমরা। শনিবার পাকিস্তানকে নামতে হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিরুদ্ধে। চির-প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে নামার আগে নেপালের বিরুদ্ধে এত বড় রানের জয় আত্মবিশ্বাস বাড়াবে পাকিস্তান দলকে। এমনটাই মনে করেন পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজম।
ম্যাচ শেষে বাবর বলেন, ‘‘ভারতের বিরুদ্ধে নামার আগে এই ম্যাচে আমাদের ভাল প্রস্তুতি হয়েছে। এই ম্যাচ থেকে আমরা আত্মবিশ্বাস পেয়েছি। আমরা চেষ্টা করব প্রতিটা ম্যাচেই আমরা আমাদের ১০০ শতাংশ দিতে। আশা করি সেখানেও আমরা আমাদের সবটা দেব।’’
এশিয়া কাপের প্রথম ম্যাচে বাবর ১৫১ রান করেন। এটি তাঁর ১৯তম ওডিআই শতরান। অন্যদিকে ইফতিকার আহমেদ এই মাচে ওডিআইতে তাঁর প্রথম শতরান করেন। ১০৯ রান করে অপরাজিত থাকেন তিনি।
মহম্মদ রিজওয়ান ও ইফতিখারের সঙ্গে জুটি বেধে বাবর তাঁর দলের জন্য অনেকটাই রান তুলে দেন। মহম্মদ রিজওয়ান ও বাবর আজমের জুটি মোট ৮৬ রান করে। অন্যদিকে ইফতিখরের সঙ্গে বাবরের জুটি ২১৪ রান তুলে দেয় স্কোর বোর্ডে। পাক ক্রিকেটারদের রানের সামনে দাঁড়াতেই পারেনি নেপাল। মাত্র ২৩.৪ ওভারে ১০৪ রান করেই থামতে হয় তাদের।
এদিনের ম্যাচে ব্যাটিঁং-এর সঙ্গে সমানভাবে বলও করে গেছে পাকিস্তান। শাদাব খান চার উইকেট নিয়েছেন। সাহিন শাহ আফ্রিদি এবং হরিশ রউফ প্রত্যেকে দুটো করে উইকেট নেন।
বাবর বলেন, ‘‘শুরুতে বল ব্যাটে আসছিল না। পিচে অনেক বেশি পেস ছিল। রিজওয়ান এবং আমার জুটি ভালই ছিল এবং দেখুন কী হল। কোনও সময় ও আমার আত্মবিশ্বাস বাড়িয়েছে তো কোনও সময় আমি ওর। ইফতিখার আসাতে আমাদের খেলার গতি বেড়েছে। ও খুব ভাল খেলেছে। ২-৩টে বাউন্ডারির পর ও আত্মবিশ্বাস ফিরে পেয়েছিল। তারপর আর ওর ব্যাটের গতি কমেনি। আমি খুবই সন্তুষ্ট। কয়েকটা ওভারে আমরা ভাল খেলতে পারিনি। কিন্তু পেসার আর স্পিনাররা খুব ভাল খেলেছে।’’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
