অলস্পোর্ট ডেস্ক: বারবার বলা সত্ত্বেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতের মাটিতে টি২০ ক্রিকেট বিশ্বকাপে দল না পাঠানোর সিদ্ধান্তে অনড় থাকায় আইসিসি তাদের ২১ জানুয়ারি পর্যন্ত সময়সীমা বেঁধে দিয়েছিল সম্মতি জানানোর জন্য। সেই সময়সীমার আগেই বাংলাদেশের ভারতের মাটিতে খেলতে না আসার বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢালল পকিস্তান ক্রিকেট বোর্ড। ক্রিকিনফোর রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ড আইসিসিকে চিঠি দিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ভারতে খেলতে না আসার যুক্তিকে জোরালো সমর্থন জানিয়েছে। এর ফলে নতুন করে জট পাকিয়েছে।
আইসিসির তরফে যখন দাবি করা হয়েছে, ২১ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশকে টি২০ বিশ্বকাপে খেলতে আসা নিয়ে চুড়ান্ত মত জানানোর সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে, তখন সেই খবরের বিরোধিতা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) জানিয়েছে, আইসিসির প্রতিনিধিদের তাদের কথা হয়েছে, ঠিকই, কিন্তু আইসিসির তরফে কোনও নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। এগুলো শুধুই রটনা। এর মাঝেই গাঁয়ে মানে না আপনি মোড়লের ভূমিকায় বিতর্কের আসলে অবতীর্ণ হয়েছে পাকিস্তান। পরিস্থিতি আরও জটিল করতে।
জানা গেছে, সরকারিভাবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্তারা মুখে কিছু না বললেও, ফোনে বিসিবি কর্তাদের সঙ্গে কথা বলেছেন। এবং তাদের ভারতে খেলতে না চাওয়ার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। সেটা করেই থেমে থাকেননি। আইসিসিকেও চিঠি লিখে জানিয়েছেন, বাংলাদেশের সিদ্ধান্তকে বিবেচনা করা উচিত। কারণ বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ভারতের মাটিতে নিরাপদ নয় বাংলাদেশের ক্রিকেটার ও সফরসঙ্গী অন্যান্যরা। তাদের কথা ভেবেই ম্যাচ অন্যত্র সরানোর কথা ভাবুক আইসিসি। এর আগে পাকিস্তানের মাটিতে ভারত খেলতে না চাওয়ায়, তাদের ম্যাচ অন্যত্র সরানো হয়েছিল। তাহলে বাংলাদেশের ম্যাচ কেন সরানো হবে না, তাদের দাবি মেনে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই অনমনীয় মনোভাবে মহাফাঁপড়ে পড়েছেন বাংলাদেশের ক্রিকেটাররা। ঢাকার ‘প্রথম আলো’ সংবাদপত্রে বাংলাদেশ দলের অধিনায়ক লিটন দাস গভীর উদ্বেগ নিয়ে জানিয়েছেন, ‘ গোটা বাংলাদেশ একটা অনিশ্চয়তার মাঝে রয়েছে। টি২০ বিশ্বকাপে আমরা খেলব কিনা, তা এখনও জানা নেই। টুর্নামেন্টে লড়াইয়ের ফোকাসটা নড়ে যাচ্ছে ক্রমশ। এর একটা চটজলদি সমাধান হলে, সকলের স্বস্তি মিলবে।’
বিসিবির শ্রীলঙ্কার মাটিতে টি২০ বিশ্বকাপের ম্যাচ সরানোর দাবি বা আয়ারল্যান্ডের সঙ্গে ভেনু-সূচী বদলের সুপারিশ যেমন মানেনি আইসিসি, তেমন বাংলাদেশ না খেললে তার জায়গায় স্কটল্যান্ডকে নেওয়া হবে, এমন খবরের কোনও সত্যতা নেই এখনও পর্যন্ত।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
