অলস্পোর্ট ডেস্ক: রবিবার ভারতের বিপক্ষে এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর ম্যাচের জন্য পাকিস্তান ক্রিকেট দল তাদের প্রথম একাদশ ঘোষণা করে দিল। বাবর আজমের নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট দল বাংলাদেশের বিরুদ্ধে জয়ী দলে কোনও পরিবর্তন করেনি। এক কথায় দলের ছন্দ ভাঙতে নারাজ তারা। যার ফলে ফাস্ট বোলিং অলরাউন্ডার ফাহিম আশরাফের পরিবর্তে মহম্মদ নওয়াজের আর কোনও প্রত্যাবর্তন হচ্ছে না। পাকিস্তান তাদের শাহীন আফ্রিদি, হ্যারিস রউফ এবং নাসিম শাহের ইন-ফর্ম পেস আক্রমণে কোনও পরিবর্তন না করার সিদ্ধান্ত নিয়েছে যারা এশিয়া কাপ ২০২৩-এ দুর্দান্ত ফর্মে রয়েছেন।
বাবর আবারও তাঁর দলের আতঙ্কের পেস ত্রয়ীকে তাদের সব থেকে বড় প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে একইভাবে লড়াই করতে প্রেরণা দেবেন সেটা তাঁর কথাতেই পরিষ্কার।
“আমি আমার পেসারদের নিয়ে গর্বিত। আমরা সবার ওপর আধিপত্য বিস্তার করতে পারি। বড় ম্যাচ এবং টুর্নামেন্টগুলো ফাস্ট বোলাররা জিতেছে। তাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে। তাদের সাফল্যের পিছনের রহস্য হল তারা ঐক্যবদ্ধ থাকে এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখে। যদি একজনের দিন খারাপ যায় তাহলে অন্য়জন সেই কাজটি করে দেয়,” বলেন বাবর।
এশিয়া কাপের গ্রুপ পর্বে তাদের প্রথম লড়াইয়ে, ভারত মোট ২৬৬ রান করেছিল, কিন্তু বৃষ্টির কারণে খেলাটি সম্পূর্ণভাবে ভেস্তে যায়।
কলম্বোতে আবারও মেঘের ঘনঘটা, বাবর বলেছিলেন যে দলের হাতে কী রয়েছে সেদিকেই নজর তাদের। তিনি বলেন, “আমরা যে বিষয়গুলো নিয়ন্ত্রণ করতে পারি সেগুলোর ওপর মনোযোগ দিচ্ছি। চারদিন ধরে বৃষ্টি হয়েছে। সূর্য যেভাবে দেখা দিচ্ছে, তাতে মনে হচ্ছে না বৃষ্টি হবে। তবে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যতটুকু সময় পাব, তা কাজে লাগাতে ফোকাস করব।” .
ভারতের বিপক্ষে পাকিস্তান (প্রথম একাদশ): ফখর জামান, ইমাম-উল-হক, বাবর আজম (অধিনায়ক), মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), আগা সলমন, ইফতিখার আহমেদ, শাদাব খান, ফাহিম আশরাফ, শাহীন আফ্রিদি, নাসিম শাহ, হ্যারিস রউফ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
