Cart Total Items (0)

Cart

All Sports

 

‌অলস্পোর্ট ডেস্ক:‌ এমন একটা আশঙ্কা শুরু থেকেই ছিল। সেটাই সত্যি হল। শেষপর্যন্ত আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২৬য়ে অংশগ্রহণ করলেও পাকিস্তান রবিবার সরকারিভাবে জানিয়ে দিল, তারা ১৫ ফেব্রুয়ারি কলম্বোর মাঠে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না। এই ঘোষণা করেছে পাকিস্তান সরকার, তাদের সোসাল মিডিয়া হ্যান্ডেলে।

পাকিস্তানের এই অভূতপূর্ব সিদ্ধান্তের কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়ানোর কারণে বলেই বুঝতে কোনও অসুবিধা নেই। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও তাদের সরকার বলে আসছিল, ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ খেলতে যাওয়া নিরাপদ নয়। বিশেষ করে যেখানে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজুর রহমানকে আইপিএলের দল কেকেআর থেকে ছেঁটে ফেলা হয়েছে জোর করে। তাই তাদের ম্যাচ শ্রীলঙ্কায় সরানো হোক। আইসিসি সেকথা কানে তোলেনি। বরং বাংলাদেশের ভারতের মাটিতে টি২০ বিশ্বকাপ খেলতে না চাওয়ার অনড় মনোভাব দেখে আইসিসি বোর্ডের সদস্যদের ভোটাভুটিতে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে খেলানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একমাত্র পাকিস্তান ভোট দিয়েছিল বাংলাদেশকে রেখে দেওয়ার পক্ষে। তাতে কোনও লাভ হয়নি।

তখন থেকেই বাংলাদেশ ক্রিকেট দলের সমর্থনে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভি জানিয়েছিলেন, তাঁরা টি২০ বিশ্বকাপে অংশগ্রহণ করবেন কিনা, সেটা নির্ভর করছে পাকিস্তান সরকারের নির্দেশের ওপর। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে দেখা করেছিলেন। তারপরই জানান, পাকিস্তান টি২০ বিশ্বকাপে অংশ নেবে কিনা,সেটা শুক্রবার থেকে সোমবারের মধ্যে জানাবেন। সেই জানানো বা ঘোষণাটা অবশ্য একদিন আগে রবিবারই হয়ে গেল।

বয়কটের হুমকি দেওয়া শুরু সেসময় থেকেই। তবে বোঝা গিয়েছিল, বিশ্বকাপ পুরোপুরি বয়কট না করলেও পাকিস্তান বিশেষ একটা পদক্ষেপ নিতে পারে আইসিসির আচরণের প্রতিবাদ হিসেবে। আইসিসি দু’‌মুখো নীতি নিয়ে চলছে, ভারতীয় ক্রিকেট বোর্ডকে প্রশ্রয় দিচ্ছে, এমন মনোভাব ধরা পড়েছিল পিসিবি কর্তাদের বক্তব্যে। ইঙ্গিত ছিল, পাকিস্তান টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কট করতে পারে। যদি নাও করে গোটা টুর্নামেন্ট তারা খেলবে কালো ব্যাজ পরে।

শেষপর্যন্ত এক্স হ্যান্ডেলে পোস্ট করে পাকিস্তান জানিয়েছে, ‘‌ পাকিস্তান সরকার দলকে আইসিসি টি২০ বিশ্বকাপে খেলার অনুমতি দিয়েছে, তবে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচে মাঠে নামবে না।’‌ এতে টুর্নামেন্ট ঘিরে জট যে আরও ঘনীভূত হল বলাই বাহুল্য। ভারতের সঙ্গে পাকিস্তানের তিক্ততা চরম সীমায় পৌঁছালো ক্রিকেট মাঠেও। এই আংশিক বয়কটের কারণে ভারতীয় দলের পুরো পয়েন্ট পাওয়ার কথা নিয়মমতো পাকিস্তান ম্যাচটা ওয়াকওভার দিলে। একইসঙ্গে আইসিসি আর্থিক জরিমানা করতে পারে পাকিস্তান ক্রিকেট বোর্ডকে।

আইসিসি মিডিয়া রিলিজে পাকিস্তানের এই ধরনের আচরণ বা পদক্ষেপ গ্রহণকে সমর্থন না করার কথাই বলেছে। জানিয়েছে, যদিও এখনও কোনও সরকারিভাবে পাকিস্তানের টি২০ বিশ্বকাপে পছন্দমতো মতো ম্যাচ খেলার সিদ্ধান্ত তাদের কাছে আসেনি, তবু তারা চায়, পাকিস্তান সরকারের নির্দেশ মেনে বিশেষ কোনও ম্যাচ না খেলার ভাবনা থ্কে সরে আসুক, পিসিবি সকল স্টেকহোল্ডারের কথা মাথায় রেখে একটা সমঝোতাপূর্ণ সমাধানের পথে হাঁটুক।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *