Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ যা ভাবা হয়েছিল, সেটাই শেষপর্যন্ত হল। ভারতের বিরুদ্ধে আইসিসি টি২০ ম্যাচ বয়কটের সিদ্ধান্ত ছেড়ে কলম্বোর মাঠে ১৫ ফেব্রুয়ারি পাকিস্তান মোকাবিলায় রাজি হয়ে গেল সোমবার রাতে। পাকিস্তান সরকারের তরফে খেলার নির্দেশ পাওয়ার পরই সেদেশের ক্রিকেট দল বয়কটের ভাবনা পরিত্যাগ করেছে বলে জানা গেছে। এর আগে পকিস্তান সরকারের কথাতেই পাকিস্তান ক্রিকেট বোর্ড ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তের কথা জানিয়েছিল। পাকিস্তান সরকারের পক্ষেও তাতে সায় ছিল। এখন পাকিস্তানের সরকারের তরফেই সিদ্ধান্ত বদলের কথা জানানো হয়েছে।

এর ফলে গত একসপ্তাহ ধরে পাকিস্তান ক্রিকেট বোর্ড(‌পিসিবি)‌ ও আইসিসির মধ্যে যে আলোচনা চলছিল বয়কটের জট ছাড়াতে, তার অবসান ঘটল। পকিস্তান আলোচনার মাঝে বয়কটের সিদ্ধান্ত বদলের জন্য আইসিসির কাছে তিনটি শর্ত রেখেছিল। তার পরিপ্রেক্ষিতে আইসিসি একটি বিবৃতি দেয়। বলে, টি২০ বিশ্বকাপে না খেলার জন্য বাংলাদেশের বিরুদ্ধে তারা জরিমানা সহ কোনওরকম শাস্তিমূলক ব্যবস্থা নেবে না। এবং একইসঙ্গে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে(‌বিসিবি)‌ প্রতিশ্রুতি দেয়, ২০২৮ থেকে ২০৩১এর মধ্যে আইসিসির টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব তাদের দেওয়া হবে।

এই ঘোষণাই ভারত ও পাকিস্তানে মধ্যে কলম্বোয় ১৫ ফেব্রুয়ারি আইসিসি টি২০ বিশ্বকাপ ম্যাচ হওয়ার পথ খুলে দেয়। বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণার ঠিক আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে পাকিস্তানের কাছে অনুরোধ করা হয়েছিল ভারত ম্যাচ ওয়াকওভার না দিতে। লাহোরে পিএসএলের নিলামের সময় পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির কথাতেও বয়কটের ভাবনা বদলের ইঙ্গিত মিলেছিল। প্রাক্তন পিসিবি চিফ নাজম শেঠি পিএসএল নিলাম চলাকালীন বলেন, পাকিস্তান ক্রিকেটের জন্য ভাল খবর অপেক্ষা করে আছে। আর তা ঘোষণা করবেন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি।

সেই ঘোষণা শেষপর্যন্ত এসেছে পাকিস্তান সরকারের থেকেই। এক বিবৃতিতে জানানো হয়েছে, ফলপ্রসূ আলোচনায় ও বন্ধু দেশের অনুরোধে পাকিস্তানের সরকার পকিস্তান ক্রিকেট দলকে ভারতের বিরুদ্ধে ১৫ ফেব্রুয়ারি মাঠে নামার অনুমতি দিচ্ছে। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে ক্রিকেট খেলার স্পিরিট রক্ষার্থে ও সবদেশের মধ্যে এর ধারাবাহিকতা বজায় রাখতে নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ শুভেচ্ছা জানিয়েছেন পাকিস্তান দলকে টি২০ বিশ্বকাপের ম্যাচের জন্য। সরকার ও পাকিস্তান বোর্ড বিশ্বাস করে তাঁদের ক্রিকেটাররা খেলোয়াড়োচিত মনোভাব নিয়ে মাঠে লড়বে ও দেশের সম্মান উঁচুতে তুলে ধরবে।

আইসিসির তরফেও বিবৃতি দিয়ে জানানো হয়েছে, পিসিবির সঙ্গে তাদের বৈঠক ইতিবাচক ভাবে শেষ হয়েছে। দু’‌জনেই ক্রিকেট খেলার গুরুত্ব মাথায় রেখে একটা সিদ্ধান্তে পৌঁছেছে। চলতি আইসিসি টি২০ বিশ্বকাপে ভারত সহ সব ম্যাচেই মাঠে নামবে পাকিস্তান সেই সিদ্ধান্তের সম্মান রাখতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *