Photo Courtesy: X
অলস্পোর্ট ডেস্ক: আইসিসি টি২০ বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় পাকিস্তান। সেই সিদ্ধান্ত আরও জোরালো রূপ পেয়েছে পাকিস্তান প্রধানমন্ত্রী শাবহাজ শরিফের বক্তব্যে। তিনি ইসলামাবাদে ফেডারেল কেবিনেটের সামনে সাফ জানিয়েছেন, ‘ কোনও অবস্থায় টি২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলবে না পাকিস্তান।’ এতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর কড়া মনোভাব আইসিসি নিলে অবাক হওয়ার কিছু নেই। আর সেটা বুঝেই পাকিস্তান তাদের ভারতের বিরুদ্ধে না খেলাকে ‘ফোর্স মেজিওর’ ইস্যু, যার মানে দাঁড়ায় অনিবার্য কারণ বশত না খেলার তত্ত্ব খাড়া করে আইসিসি শাস্তির হাত থেকে বাঁচার পথ খুঁজছে।
কলম্বোয় অনুষ্ঠেয় ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের ম্যাচে পাকিস্তান অংশ না নিলে তাদের প্রাথমিক পর্বে লিগ পর্যায়ের ২ পয়েন্ট তো কাটা যাবেই, সঙ্গে বিপুল পরিমান আর্থিক ক্ষতির মুখে পড়বে, এমনকি নির্বাসনের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছেনা। এটা এড়াতে শোনা যাচ্ছে, পাকিস্তান ক্রিকেট বোর্ড(পিসিবি) ভারত ম্যাচ না খেলার স্বপক্ষে যুক্তি হিসেবে অনিবার্য কারণ বশত খেলা সম্ভব হল না, এই তত্ত্ব খাড়া করতে পারে। তাদের যুক্তি হতে পারে, এই সিদ্ধান্তটা পুরোপুরি পাকিস্তান সরকারের নির্দেশ মেনে হচ্ছে। এখানে পিসিবির কোনও ভূমিকা নেই। তাই এই অস্বাভাবিক পরিস্থিতির কথা মাথায় রেখে যেন কোনও পদক্ষেপ নেয় আইসিসি।
তবে পিসিবির এই যুক্তি ধোপে টিঁকবে না। বিসিসিআইয়ের এক কর্তার মতে, পাকিস্তানের অনূর্ধ্ব দল যেদিন ভারতীয় অনূর্ধ্ব ১৯ দলের মুখোমুখি হয়েছিল বিশ্বকাপের ম্যাচে, সেদিন টি২০ বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কটের কথা বলে পাকিস্তান। এটা কেমন ব্যাপার। অনূর্ধ্ব ১৯ দলের ক্ষেত্রে এক নিয়ম, আর সিনিয়র দলের বিশ্বকাপে অন্য এক মনোভাব, না খেলার সিদ্ধান্ত। আর যাই বলুক না কেন, পাকিস্তান সরকার আর পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এখানে আলাদাভাবে দেখার কোনও কারণ নেই। দুটোই বয়কটের সিদ্ধান্তে এক জায়গায়। কারণ পিসিবির পেট্রন-ইন-চিফ হলেন প্রধানমন্ত্রী আর পিসিবির চেয়ারম্যান নিজেও একজন মন্ত্রী। তাই এটা বলতে কোনও দ্বিধা নেই ক্রিকেটের আঙিনায় পাকিস্তান জোর করে রাজনীতি টেনে আনছে। ভারত সরকার বারবার নিরাপত্তার সুনিশ্চিত আশ্বাস দিলেও বাংলাদেশ টি২০ বিশ্বকাপে খেলতে চায়নি। এখন পাকিস্তানের ম্যাচ বয়কটের ভাবনা ও যুক্তি অর্থহীন। আগের সিদ্ধান্তমতো নিরপেক্ষ মাঠে ভারত ও পাকিস্তানের বিশ্বকাপের ম্যাচ রাখা হয়েছে। তারপর হঠাৎ করে পাকিস্তানের এই বয়কটের ভাবনা মানা যায় না।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
