অলস্পোর্ট ডেস্ক: নিজেদের ক্রমশ হাস্যকর করে তুলেছে পাকিস্তান। আইসিসির ভূমিকার প্রতিবাদ জানিয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে টি২০ বিশ্বকাপ বয়কটের ফঁকা আওয়াজ যে এতদিন তুলে আসছিল পাকিস্তান, তা এবার ধরা পড়েছে তাদের আচরণেই। একদিকে, যখন পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি পাকিস্তান সরকারের সিদ্ধান্তের ওপর তাদের টি২০ বিশ্বকাপে খেলা নির্ভর করছে বলে নিজেদের গুরুত্ব বাড়ানোর চেষ্টা করছেন, তখন তলায় তলায় অংশগ্রহণের কথা মাথায় রেখে কলম্বো যাওয়ার বিমানের টিকিট কেটে ফেলেছেন গোটা পাকিস্তান ক্রিকেট দলের জন্য। এও জানা গেছে, অস্ট্রেলিয়ার সঙ্গে একই বিমানে সওয়ার হবে পাকিস্তান ক্রিকেটাররা।
আসলে মুখে বয়কটের সম্ভাবনার কথা বললেও,পাকিস্তানের লিগাল সেলের আইনজীবিদের বক্তব্য শোনার পরই পিসিবি কর্তাদের মূলত মহসিন নাকভির বুদ্ধি খুলেছে। বয়কট করলে বা ভারতের বিরুদ্ধে টি২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ না খেললে কম করে ৩১৭ কোটি টাকার ক্ষতির মুখে পড়বে পাকিস্তান। এই আর্থিক ক্ষতিপূরণের পাশাপাশি আরও নানারকম শাস্তির বিধান আছে আইসিসির ঝুলিতে। এর পাশাপাশি পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞরা, তাঁদের মধ্যে অন্যতম ওয়াসিম আক্রমও, পিসিবির বয়কট করার ভাবনাকে এতটুকু সমর্থন করেননি বাংলাদেশের সমর্থনে। আক্রমের সাফ কথা, বাংলাদেশ কী এমন করেছে পাকিস্তানের জন্য, যার জন্য তাদের পাশে দাঁড়িয়ে নিজেদের পায়ে কুড়ুল মারতে হবে। পাকিস্তানের যে ক্ষতিটা হবে বিশ্বকাপে না খেললে, সেটা কোনকালে বাংলাদেশ পুষিয়ে দিতে পারবে না।
এতে পিসিবির টনক নড়েছে। তারওপর পাকিস্তানের প্রধাননমন্ত্রী শাহবাজ শরিফ, সভাপতি আসিফ জারদারি, সিনিয়র মিলিটারি কর্তা ও প্রাক্তন পিসিবি চেয়ারম্যান নজম শেঠি, ও রামিজ রাজার সঙ্গে আলোচনায় বাংলাদেশের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা দেখানোর কথা উঠে এলেও, পাকিস্তানের রাষ্ট্র নায়করা বিশ্বকাপ বয়কটের পক্ষে মত দেননি। খেলে প্রতিবাদ জানানোর অন্য পথ বেছে নেওয়ার কথা বলা হয়ে সেই বৈঠকে। তাঁরাও চান না, বয়কটের কারণে এমন কিছু ঘটুক, যার প্রভাব পাকিস্তান ক্রিকেটের ওপর সুদূর প্রসারী হয়, আর্থিক ক্ষতির পাশাপাশি।
আর তাই বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৩ ম্যাচের সিরিজে অংশ নেওয়ার পর অস্ট্রেলিয়া দলের ক্রিকেটারদের সঙ্গে একই বিমানে কলম্বো যাওয়ার টিকিট কেটে ফেলেছে পাকিস্তান। বয়কট দূরে থাক, ১৫ ফেব্রুয়ারি ভারতের বিরুদ্ধে ম্যাচে নিজেদের গায়ের ঝাল মেটাতে মরিয়া হয়ে আছে। গতবছর এশিয়া কাপে হার, ম্যাচের সময় ভারতীয় অধিনায়ক ও ক্রিকেটারদের হাত না মেলানো নিয়ে বিতর্ক, তারওপর ম্যাচের পর পিসিবির কর্তার হাত থেকে ট্রফি না নেওয়ার ঘটনায় পাকিস্তান ভেতরে ভেতরে জ্বলছে। ক্রিকেট যুদ্ধে পাকিস্তান ক্রিকেটাররা তাঁদের সেই ভেতরের রাগটা পারফরমেন্সে কতটা তুলে ধরতে পারেন, সেটাই এখন দেখার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
