Cart Total Items (0)

Cart

All Sports
বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: আইসিসি বিশ্বকাপ ২০২৩ এবার ভারতে আয়োজিত হতে চলেছে। ইতিমধ্যেই ম্যাচের সূচি ও ভেন্যু ঠিক হয়ে গিয়েছে। কিন্তু পাকিস্তান দলের ভারতে আসা এবং টুর্নামেন্টটি খেলা নিয়ে কিছু নিশ্চিত নয়। ক্রিকেট মহলে এ বিষয়ে একাধিক প্রশ্ন উঠেছে। শেষমেশ তাদের ভারতে আসা নিয়ে এক বড় সিদ্ধান্ত নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।

এদিন পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ক্রিকেট বোর্ডের সদস্যদের নিয়ে একটি কমিটি গঠন করেন। পাকিস্তান দলের বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোর নেতৃত্বে একটি উচ্চ-পর্যায়ের কমিটি তৈরি করেছেন। কমিটি প্রধানমন্ত্রীর কাছে সুপারিশ পেশ করার আগে পাকিস্তান ও ভারতের সমস্ত সম্পর্কের দিক মাথায় রেখে এগাবে। পাকিস্তান সরকার খেলাধুলার সঙ্গে তাদের রাজনৈতিক সম্পর্ক আলাদা রেখে ভারতের পরিস্থিতি ও তাদের খেলোয়াড়, কর্মকর্তা, ভক্ত এবং সংবাদ মাধ্যম ভারতে কতটা সুরক্ষিত, সেই বিষয়টি খতিয়ে দেখবে।

আইসিসি এবং আয়োজক বিসিসিআই ইতিনধ্যেই খেলার দিন-ক্ষণ ঘোষণা করে দিয়েছে এবং তারা আশাবাদী পাকিস্তান দল ভারতে এসে বিশ্বকাপ খেলবে।

পিসিবি অবশ্য খেলার আয়োজকদের জানিয়ে দিয়েছে, যে দুই দেশের মধ্যে খারাপ সম্পর্কের কারণে পাকিস্তান ক্রিকেট দলের টুর্নামেন্টে অংশগ্রহণে সরকারি অনুমোদন প্রয়োজন।

এদিন তৈরি হওয়া কমিটির অন্যান্য সদস্যদের মধ্যে রয়েছেন ক্রীড়ামন্ত্রী আহসান মাজারি, মরিয়ম ঔরঙ্গজেব, আসাদ মাহমুদ, আমিন উল হক, কামার জামান কায়রা এবং তারিক ফাতমি।

সংশ্লিষ্ট মন্ত্রীরা ইতিমধ্যেই পিসিবিকে ইঙ্গিত দিয়েছে যে, পাকিস্তান যে যে ভেন্যুতে ম্যাচ খেলবে সেগুলি পরিদর্শনের জন্য একটি উচ্চ-পর্যায়ের নিরাপত্তা দল ভারতে পাঠানোর ব্যবস্থা করা হবে।

বোর্ডের চেয়ারম্যান জাকা আশরাফ এবং চিফ অপারেটিং অফিসার সলমন তাসিরও শনিবার রাতে ডারবানের উদ্দেশ্যে রওনা হবেন এবং আইসিসির বৈঠকে যোগ দেবেন। যেখানে মনে করা হচ্ছে তিনি  ভারতের পাকিস্তানে খেলতে না যাওয়া নিয়ে প্রশ্ন তুলবেন।

১৫ অক্টোবর বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম আহমেদাবাদে, ভারত ও পাকিস্তানের মধ্যে বিশ্বকাপের ম্যাচটি হবে। যে ভেন্যু নিয়ে আপত্তি তুলেছিল পাকিস্তান ক্রিকেট।

বিশ্বকাপের খেলা শুরুর আগে শ্রীলঙ্কা ও নেদারল্যান্ডস-এর বিরুদ্ধে হায়দরাবাদে দু’টি অনুশীলন ম্যাচ খেলবে পাকিস্তান। তারপর তাদের মূল ম্যাচগুলি হবে চেন্নাই, বেঙ্গালুরু ও কলকাতাতে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *