অলস্পোর্ট ডেস্ক: ২০২৫ সালের এশিয়া কাপে ভারতের বিপক্ষে তাদের ব্লকবাস্টার ম্যাচের আগে পাকিস্তান ক্রিকেট দল আবারও তাদের প্রি-ম্যাচ সাংবাদিক সম্মেলন বাতিল করল। ২১ সেপ্টেম্বর, রবিবার দুবাইতে সুপার ৪-এর ম্যাচে আবার মুখোমুখি হতে চলেছে দুই দল। খেলার আগে, সংযুক্ত আরব আমিরশাহীর বিপক্ষের ম্যাচের মতোই কোনও সাংবাদিক সম্মেলন করল না পাক দল।
গুরুত্বপূর্ণ এই লড়াইয়ের আগে দলের মনোবল বাড়ানোর জন্য টিম ম্যানেজমেন্ট ক্রীড়া মনোবিজ্ঞানী ডঃ রাহিল করিমকেও নিয়োগ করেছে। গ্রুপ পর্বের লড়াইয়ে ভারতের কাছে তাদের শোচনীয় পরাজয়ের পর পাকিস্তান শিবিরকে হতাশা গ্রাস করেছে, কারণ সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দলের তাদের সাত উইকেটে হারতে হয়।
পাকিস্তানের মানসিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে, পহেলগাম সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার পর ভারতীয় দল চিরপ্রতিদ্বন্দ্বীদের সঙ্গে করমর্দন না করার সিদ্ধান্ত নেওয়ায়। এই পদক্ষেপগুলি পাকিস্তান দল মোটেও ভালো ভাবে নেয়নি। যার পর পাক বোর্ড ক্ষোভ উগরে দিয়েছিল। অভিযোগ জানানো হয়েছিল আইসিসি-তেও। যদিও কোনওটাই ধোপে টেকেনি।
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভারতীয় দলের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার জন্য ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের বিরুদ্ধেও অভিযোগ করেছিল। এমনকি দাবি পূরণ না হলে তারা টুর্নামেন্ট থেকে সরে যাওয়ার হুমকি দিয়েছিল এবং সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে তাদের তৃতীয় গ্রুপের ম্যাচে সময় মতো মাঠেও পৌঁছয়নি, যার পলে খেলা একঘণ্টা দেরিতে শুরু হয়।
পিসিবি পাইক্রফটের সঙ্গে বৈঠকের পর টুর্নামেন্টে খেলা চালিয়ে যেতে রাজি হয়। বিতর্ক এখানেই শেষ হয়নি কারণ আইসিসি প্লেয়ার্স অ্যান্ড ম্যাচ অফিসিয়াল এরিয়া (পিএমওএ) -এ পাইক্রফটের সঙ্গে সাক্ষাতের রেকর্ডিং এবং অনলাইনে প্রকাশের জন্য পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছে, যেখানে ফোন এবং ক্যামেরা নিষিদ্ধ।
জবাবে, পিসিবি তাদের পদক্ষেপের পক্ষে জানিয়েছে যে এটি আইসিসি প্রোটোকলের মধ্যে ছিল। মাঠের বাইরের নাটকীয়তা পাকিস্তান দলের উপর চাপ বাড়িয়েছে, যারা ভারতের বিরুদ্ধে তাদের শেষ ছয়টি ম্যাচ হেরেছে। আসন্ন ম্যাচে মেন ইন ব্লু-এর বিপক্ষে মাঠে নামার সময় সলমন আঘার নেতৃত্বাধীন দলের উপর স্বাভাবিকভাবেই অনেকটা চাপ থাকবে। এদিকে, এই হাই-ভোল্টেজ ম্যাচে আবারও অ্যান্ডি পাইক্রফট ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
